নভেম্বর ২৫, ২০২৬, ০৭:২৬ এএম
রাঙামাটিতে শুরু হচ্ছে হিল চলচ্চিত্র উৎসবের সপ্তম আসর। পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার চলচ্চিত্রকে প্রাধান্য দেওয়া এই উৎসবে এবার দেখানো হবে মোট ২৫টি চলচ্চিত্র।
আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাঙামাটির আশিকা কনভেনশন পার্কে শুরু হবে তিন দিনের এই উৎসব, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এরপর উৎসবটি যাবে ঢাকায়। রাজধানীর গ্যোটে ইনস্টিটিউট বাংলাদেশে ১০ থেকে ১৩ ডিসেম্বর চলবে প্রদর্শনী।
২০১৪ সালে যাত্রা শুরু করে হিল চলচ্চিত্র উৎসব (এইচএফএফ)। এবারের আসরে জমা পড়েছিল ৫৩টি চলচ্চিত্র। এর মধ্যে ছয়টি প্রত্যাহার হয়ে যাওয়ার পর চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ২৫টি। প্রতিযোগিতা বিভাগে রয়েছে ছয়টি চলচ্চিত্র।
প্রতিযোগিতার ছবিগুলো হলো মান্থো ম্রোর খোক তুত বোন, জ্যাকি মং মারমার ন্যোইন আলাং রং, মং সাই সোয়ে মারমার রেগরেসা, মাহমুদ ডট অভির শি, আদনান মেঘালয়ের অল আই ড্রিম এবং মল্লিকা রায়ের প্রদোষে।
উৎসবের আয়োজক এইচএফএফ স্কুল অব ফিল্ম অ্যান্ড ভিজ্যুয়াল আর্টস। সহযোগী হিসেবে রয়েছে গ্যোটে ইনস্টিটিউট বাংলাদেশ, সাপোর্টিং পিপল অ্যান্ড রিবিল্ডিং কমিউনিটিস, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙামাটি, ওয়ার্ল্ড থিয়েটার প্রজেক্ট এবং হিল হেরিটেজ অ্যান্ড কালচারাল সেন্টার।
এবারের ছবিগুলোর বিষয় সামাজিক বৈষম্য, পরিবেশ, চা বাগান শ্রমিকদের জীবন, নারীর অভিজ্ঞতা, পরিচয় ও অস্তিত্বের প্রশ্ন। মারমা ও ম্রো সম্প্রদায়ের চলচ্চিত্রের পাশাপাশি চাকমা, তঞ্চঙ্গ্যা ও সাঁওতাল ভাষার ছবিও থাকছে। শিশুদের জন্য আলাদা বিভাগে দেখানো হবে ভিয়েতনাম, ভারত ও জাপানের ছবি।
বিশেষ প্রদর্শনীতে থাকছে অঞ্চলটির চলচ্চিত্র ঐতিহ্যের দুটি ছবি, ফয়েজ জাহিরের আন্দোলত পোহর (১৯৯৬) এবং সজীব ত্রিপুরার পাইতাওদি (২০১৩)। এবারই প্রথম উৎসবে থাকছে সম্প্রদায়ভিত্তিক খোলা আকাশের নিচে প্রদর্শনীর আয়োজন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন