নভেম্বর ২৫, ২০২৬, ০৭:২৯ এএম
পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি গানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সংগীত স্ট্রিমিং সেবা টাইডাল। এমন প্রায় ২ কোটি ৯০ লাখ গান প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) টাইডাল এই নতুন নীতির ঘোষণা দেয়। আগামী ৯ ডিসেম্বর থেকে সম্পূর্ণ এআই-নির্মিত কোনো ট্র্যাক প্ল্যাটফর্মে জমা নেওয়া হবে না, আর ক্যাটালগে থাকা এমন গান সরিয়ে ফেলা শুরু হবে। বছরের শেষ নাগাদ মুছে যাবে প্রায় ২ কোটি ৯০ লাখ গান।
টাইডাল জানিয়েছে, গত ৯০ দিনে প্ল্যাটফর্মে জমা পড়া ট্র্যাকের ৪৩ শতাংশই ছিল পুরোপুরি এআই দিয়ে তৈরি। বর্তমানে তাদের ক্যাটালগের প্রায় ২ কোটি ৭০ লাখ গানে এআই ট্যাগ রয়েছে, যা মোট গানের ৬ দশমিক ৩ শতাংশ। অথচ এসব গানের ৯৬ শতাংশ একবারও শোনা হয়নি। নতুন নীতি কার্যকর হলে প্রতিদিন আনুমানিক ৮০ থেকে ৮৫ হাজার ট্র্যাক বাতিল হবে।
গত জুনে টাইডাল এআই গানে ট্যাগ বসিয়ে সেগুলোর রয়্যালটি বন্ধ করেছিল, কিন্তু তাতে জমার ঢল থামেনি। টাইডালের প্ল্যাটফর্ম প্রধান রবার্ট অ্যান্ডারসন সামাজিক মাধ্যম এক্সে জানান, আরও কঠোর পদক্ষেপ ছাড়া উপায় ছিল না। তবে এআইয়ের সহায়তা নিয়ে মানুষের তৈরি গান প্ল্যাটফর্মে থাকতে পারবে।
এআই গান শনাক্তে ফরাসি গবেষণা প্রতিষ্ঠান ইরকামের বাণিজ্যিক শাখা ইরকাম অ্যামপ্লিফাইয়ের প্রযুক্তি ব্যবহার করবে টাইডাল। ব্যান্ডক্যাম্পের পর বড় স্ট্রিমিং সেবাগুলোর মধ্যে টাইডালই প্রথম পুরোপুরি এআই গান নিষিদ্ধ করল। শিল্পীদের নাম নকলের অভিযোগে এরই মধ্যে ৬৫ হাজারের বেশি এআই ট্র্যাক সরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও এনগ্যাজেট

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন