বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

জহির রায়হানের প্রথম সিনেমার ৬৫ বছর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৭:০১ এএম

জহির রায়হানের প্রথম সিনেমার ৬৫ বছর

হাতে পুরস্কার নিয়ে জহির রায়হান, পেছনে তাঁর প্রথম চলচ্চিত্র কখনো আসেনির একটি দৃশ্য।

মুক্তির ৬৫ বছর পূর্ণ করল জহির রায়হানের পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি। ঢাকার চলচ্চিত্রশিল্পের একেবারে শুরুর দিনে বানানো সাদাকালো এই ছবি আলো আর ক্যামেরা দিয়ে রহস্য গড়ার ভঙ্গিতে ছয় দশক পেরিয়েও দর্শককে চমকে দেয়।

সোমবার (২৪ নভেম্বর) ছবিটির মুক্তির ৬৫ বছর পূর্ণ হয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তালিকা অনুযায়ী, ১৯৬১ সালের এই দিনে মুক্তি পেয়েছিল কখনো আসেনি। মুক্তির সময় পরিচালক জহির রায়হানের বয়স ছিল মাত্র ২৬ বছর।

ছবির গল্প শুরু হয় এক বাড়িতে পাশাপাশি পড়ে থাকা দুই নারীর মরদেহ দিয়ে। ওপরতলায় তাঁদের ভাইয়ের আঁকা ছবিতেও দুই বোন শুয়ে আছেন ঠিক একই ভঙ্গিতে। পরে সেই বাড়িতেই বাবা ও দুই বোনকে নিয়ে ওঠেন আরেক চিত্রশিল্পী শওকত। পাশের বাড়ির বারান্দায় মূর্তির মতো দাঁড়িয়ে থাকা মরিয়মকে ঘিরে এগিয়ে যায় গল্প।

মরিয়মের চরিত্রে অভিনয় করেছেন সুমিতা দেবী। শওকতের ভূমিকায় খান আতাউর রহমান, সুলতানের ভূমিকায় সঞ্জীব দত্ত, আর শওকতের এক বোনের চরিত্রে দেখা যায় শবনমকে। চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন কিউ এম জামান। অভিনয়ের পাশাপাশি ছবির সংগীত পরিচালনাও করেছেন খান আতাউর রহমান।

ছবিটির নাম দিয়েছিলেন সাংবাদিক গাজী শাহাবুদ্দিন আহমদ। গান রেকর্ডের টাকা জোগাড়ের গল্পটিও আলোচিত। অন্য শহর থেকে খান আতাউর রহমান টেলিগ্রামে জানান, ছয় হাজার টাকা পাঠালে সেখানেই গানগুলো রেকর্ড করিয়ে আনা যাবে। জহির রায়হানের বাবা গাজী শাহাবুদ্দিনের হাতে তুলে দেন ছয় হাজার টাকার চেক। ছবির চারটি গান রেকর্ড করা হয় কলিম শরাফী ও মাহবুবা রহমানের কণ্ঠে।

এর আগে এ জে কারদারের জাগো হুয়া সাভেরা ছবিতে সহকারী হিসেবে কাজ করেছিলেন জহির রায়হান। কখনো আসেনির পরের বছর কলিম শরাফীর সঙ্গে যৌথভাবে তিনি পরিচালনা করেন সোনার কাজল। ১৯৬৩ সালে মুক্তি পায় তাঁর কাঁচের দেয়াল।

১৯৬৫ সালের পাকিস্তান চলচ্চিত্র উৎসবে কাঁচের দেয়াল শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়। একই আসরে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান জহির রায়হান। ছবিটি মোট ১১টি পুরস্কার জিতেছিল।

গবেষক মতিউর রহমান সম্পাদিত জহির রায়হান অনুসন্ধান ও ভালোবাসা গ্রন্থে বলা হয়েছে, ১৯৬১ সালে কখনো আসেনি দিয়ে শুরু হওয়া এই যাত্রা ক্রমশ ইতিহাস সৃষ্টি করে সোনার কাজল, কাঁচের দেয়াল, সংগম, বাহানা, বেহুলা, জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড ও আ স্টেট ইজ বর্নের মতো সাড়াজাগানো চলচ্চিত্রের সূত্রে।

কখনো আসেনি এখন ইউটিউবে দেখা যায়।