নভেম্বর ২৫, ২০২৬, ০৬:৩৮ এএম
নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ ট্রেইনিয়ামের কার্যক্ষমতা বাড়াতে ইসরায়েলি স্টার্টআপ ডেকার্টের মূল প্রযুক্তি ও দলকে কিনে নিচ্ছে অ্যামাজন। এই অধিগ্রহণের মধ্য দিয়ে এআই চিপের বাজারে এনভিডিয়ার আধিপত্যে ভাগ বসাতে চায় প্রতিষ্ঠানটি।
সোমবার (২৩ নভেম্বর) অ্যামাজন নিজেদের ব্লগ পোস্টে এই চুক্তির ঘোষণা দেয়। চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি, তবে ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী এর মূল্য প্রায় ৭৫০ কোটি ডলার।
অধিগ্রহণের কেন্দ্রে রয়েছে ডেকার্টের তৈরি সফটওয়্যার ডেকার্ট অপটিমাইজেশন স্ট্যাক, সংক্ষেপে ডস। এই সফটওয়্যার এআই মডেলগুলোকে এনভিডিয়া, গুগল ও অ্যামাজনের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের চিপে দক্ষভাবে চলতে সাহায্য করে। তবে রিয়েল-টাইম ওয়ার্ল্ড মডেলসহ ডেকার্টের নিজস্ব এআই মডেলগুলো এই চুক্তির অংশ নয়।
অ্যামাজন জানিয়েছে, ২০২৫ সাল থেকে ডেকার্টের প্রকৌশলীরা তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, যাতে ট্রেইনিয়াম চিপে এআই কাজের চাপ আরও ভালোভাবে সামলানো যায়। প্রতিষ্ঠানটির লক্ষ্য, গ্রাহকরা যাতে দ্রুত ও কম খরচে এআই মডেল প্রশিক্ষণ দিতে ও চালাতে পারেন। ট্রেইনিয়ামভিত্তিক ডেটা সেন্টার ইতিমধ্যে ব্যবহার করছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।
ডেকার্ট প্রতিষ্ঠিত হয় ২০২৩ সালে। প্রায় এক শ জনবলের এই স্টার্টআপ গত মে মাসে ৩০ কোটি ডলার তহবিল তোলে, তখন এর মূল্যায়ন ছিল প্রায় ৪০০ কোটি ডলার। সেই বিনিয়োগকারীদের মধ্যে এনভিডিয়াও ছিল।
চুক্তি অনুযায়ী ডেকার্টের তিন সহপ্রতিষ্ঠাতা ডিন লাইটার্সডর্ফ, ওরিয়ান লাইটার্সডর্ফ ও মোশে শালেভ তাদের গবেষক ও প্রকৌশলীদের দলসহ অ্যামাজনে যোগ দিচ্ছেন। চুক্তিটি এখন নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও সিএনএ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন