নভেম্বর ২৫, ২০২৬, ০৫:০৪ এএম
ভারত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী ও মাদককারবারিদের অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে হাকিমপুর উপজেলার সীমান্তঘেঁষা হিলি রেলওয়ে স্টেশনে স্থানীয় বাসিন্দাদের নিয়ে আয়োজিত সচেতনতামূলক সভায় এসব কথা জানান জয়পুরহাট-২০ বিজিবির হিলি সিপি ক্যাম্পের কমান্ডার মো. শরিফুল ইসলাম। সভায় তিনি বলেন, দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টা করছে বলে তথ্য রয়েছে; এসব অপতৎপরতা প্রতিহত করতেই সীমান্তে এই সতর্কতা।
শরিফুল ইসলাম বলেন, হিলি সীমান্তের কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নেই; সিসি ক্যামেরা বসানো হলেও শুধু বিজিবির নজরদারি দিয়ে পুরো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এ কারণে অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহজনক কারও চলাচল দেখলে অবহেলা না করে দ্রুত বিজিবিকে জানাতে হবে। অনুপ্রবেশকারীরা দেশে ঢুকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে তা দেশের নিরাপত্তা ও ভাবমূর্তির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
হাকিমপুর উপজেলার সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। বিভিন্ন অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া থাকলেও হিলি শহর ও রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় মানুষের নিয়মিত চলাচলের কারণে নজরদারির বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন