নভেম্বর ২৫, ২০২৬, ০৩:১৬ এএম
আইপিএলের আসন্ন মিনি নিলামের প্রাথমিক তালিকায় নাম নেই মোস্তাফিজুর রহমানের। কয়েক দিন ধরে তাঁর নিবন্ধন নিয়ে আলোচনা চললেও ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের এই বাঁহাতি পেসারের। নাম নিবন্ধন করেননি সাকিব আল হাসানও।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে প্রাথমিক তালিকাটি পাঠানো হয়েছে বলে ক্রিকবাজ ও ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে।
নিলাম হবে আগামী ১৬ ডিসেম্বর, ভারতের গোয়ায়।
বাংলাদেশ থেকে নিলামের জন্য নিবন্ধন করেছেন ১২ ক্রিকেটার। তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
এবারের প্রাথমিক তালিকায় আছেন মোট এক হাজার ২২০ জন ক্রিকেটার, যাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় ও ২৮১ জন বিদেশি। নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জনকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো, বিদেশি খেলোয়াড়ের জন্য বরাদ্দ থাকছে ২৫টি জায়গা।
নিবন্ধিত সবাই চূড়ান্ত তালিকায় থাকছেন না। ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে নিজেদের আগ্রহের খেলোয়াড়দের নাম জমা দিতে বলা হয়েছে, সেই ভিত্তিতে তালিকা ছোট করা হবে। নিলামের প্রায় এক সপ্তাহ আগে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ।
গত আসরের নিলামে বাংলাদেশের রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে পরে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘটনার জেরে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন