নভেম্বর ২৪, ২০২৬, ০৯:২৫ পিএম
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে চালকদের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৯৫ দশমিক ৬ শতাংশের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই বলে গবেষণায় উঠে এসেছে।
চালকদের ৭৮ দশমিক ২ শতাংশ রিকশা চালান ভাড়ায়। আয় বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের খরচ চালাতে পারবেন না।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য ও পরামর্শ তুলে ধরা হয়।
সড়ক নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় ব্যাটারিচালিত রিকশাকে নিয়মের মধ্যে আনার কথা বলেছেন গবেষকেরা। তবে হঠাৎ নিয়ন্ত্রণ না বসিয়ে চালক, মালিক ও এ খাতের সঙ্গে যুক্ত অন্যদের সামর্থ্য বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন তাঁরা।
ব্যাটারিচালিত রিকশা : জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর শীর্ষক নীতি আলোচনায় গবেষণার পাশাপাশি খাতটির ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে চালকদের বাস্তবতা বিবেচনায় নিয়ে। এ ক্ষেত্রে ন্যায্য রূপান্তর নিশ্চিত করা জরুরি।
সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তিন থেকে চার বছরের একটি রূপান্তর পরিকল্পনা করা যেতে পারে বলে জানান আসিফ সালেহ। তাঁর মতে, এতে চালক ও তাদের পরিবারের জীবিকার ক্ষতি কমিয়ে ধাপে ধাপে পরিবর্তন আনা সম্ভব হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের অধিকার যেমন রয়েছে, তেমনি রিকশাচালকদেরও বেঁচে থাকার ও কাজ করার অধিকার রয়েছে।
যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা ও আবর্জনার মতো নগরের সমস্যাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত উল্লেখ করে তিনি বলেন, একটি বিষয়কে আলাদা করে সমাধানের চেষ্টা করলে হবে না। ঢাকা শহরের সামগ্রিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সব পক্ষকে সঙ্গে করে পরিকল্পনা করতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, তাঁরা অটোরিকশা বা রিকশাচালকদের বিপক্ষে নন। তাঁদের জীবন-জীবিকার অধিকারও রক্ষা করতে হবে।
নিয়মের মধ্যে আনা গেলে জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে জানিয়ে তিনি বলেন, অবৈধ অবস্থা থেকে তাঁদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, রিকশাচালকেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবিকার মধ্যে রয়েছেন। যেকোনো দুর্ঘটনা বা হয়রানিতে তাঁরা আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন।
পথচারীদের মতো ব্যাটারিচালিত রিকশাচালকেরাও দেশের নাগরিক উল্লেখ করে ইমরান মতিন বলেন, সবার বাস্তবতা বিবেচনায় নিয়ে ন্যায্য ও সহজ রূপান্তর নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা শীর্ষক গবেষণাটি ঢাকার ৩০০ জন ও বরিশালের ১৫০ জনসহ মোট ৪৫০ জন সক্রিয় চালকের ওপর জরিপের ভিত্তিতে করা হয়েছে। গত ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত এ জরিপের তথ্য সংগ্রহ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন