মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
নারীর কর্মসংস্থান উদ্যোগ

শি-স্টেম প্রকল্পের সমাপ্তি, তিন বছরে ২৯০ তরুণীর চাকরি ও শিক্ষানবিশি

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৮:২৪ পিএম

শি-স্টেম প্রকল্পের সমাপ্তি, তিন বছরে ২৯০ তরুণীর চাকরি ও শিক্ষানবিশি

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে তিন বছর মেয়াদি ‘শি-স্টেম’ প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। এ সময়ে ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৮৪৫ শিক্ষার্থীর কাছে পৌঁছেছে প্রকল্পটি এবং ২৯০ তরুণীর চাকরি ও শিক্ষানবিশির সুযোগ তৈরি হয়েছে।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সম্প্রতি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় আয়োজিত ওই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রকল্পের অর্জন তুলে ধরার পাশাপাশি সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, দেশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক পেশায় কর্মরতদের মধ্যে নারীর হার মাত্র ১৪ শতাংশ। এই বাস্তবতায় ২০২৩ সালের নভেম্বর থেকে নারীদের শিক্ষা থেকে কর্মসংস্থান পর্যন্ত সুযোগ তৈরিতে কাজ শুরু করে শি-স্টেম। প্রকল্পের আওতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৬০ শতাংশই নারী।

লাইটক্যাসল পার্টনার্সের নেতৃত্বে গঠিত একটি যৌথ উদ্যোগ প্রকল্পটি বাস্তবায়ন করে। এতে যুক্ত ছিল টেন মিনিট স্কুল, এটুআই, ডেভলার্ন কনসাল্টিং ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।

তিন বছরে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ, ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতা, অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়, পরামর্শদান, বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রতিনিধি নেটওয়ার্ক, শিল্পপ্রতিষ্ঠানে কাজ শেখার সুযোগ এবং চাকরির মেলার আয়োজন করা হয়। পাশাপাশি নিয়োগপ্রক্রিয়ায় নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করতে গবেষণা ও নীতিগত প্রচার চালানো হয়।

কার্যক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত ছিল। নিয়োগদাতা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয় বিএসআরএম ও ওয়ালটনের মতো শিল্পপ্রতিষ্ঠান।

৭০০ জনের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীর ওপর জরিপের ভিত্তিতে তৈরি ‘শি-স্টেম ব্যবসায়িক সম্ভাবনা প্রতিবেদন’ প্রকল্পের উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে। এতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক পেশায় নারীদের অংশগ্রহণ বাড়াতে বিনিয়োগের অর্থনৈতিক যৌক্তিকতা তুলে ধরা হয়েছে।

২০২৫ সালে শিল্প খাতের ২৭ জন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে পরামর্শদান কর্মসূচি চালু করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি শিল্প খাতের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দিকনির্দেশনা নেওয়ার সুযোগ পান। এ ছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন ছাত্রী বিএসআরএমের কারখানায় প্রথমবারের মতো শি-স্টেম-বিএসআরএম শিল্প-সংযুক্তি কর্মসূচি সম্পন্ন করেন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘কেস ক্র্যাক ২ দশমিক শূন্য’সহ বিভিন্ন ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতায় অংশ নেন ৩০০ জনের বেশি শিক্ষার্থী।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাইটক্যাসল পার্টনার্সের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিজন ইসলাম। তিনি বলেন, তিন বছর আগে তাঁরা প্রমাণ করতে চেয়েছিলেন যে মেধার কোনো লিঙ্গভেদ নেই এবং আজ সেই নারীদের উদ্‌যাপন করছেন, যাঁরা তা প্রমাণ করেছেন, পাশাপাশি সেই সহযোগীদেরও, যাঁরা তাঁদের জন্য জায়গা করে দিয়েছেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভলার্ন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা অংশীদার। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক পেশায় নারীদের সমান কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে আলোচনায় অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটুআই, বিএসআরএম ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধিরা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফন বোমেল। এ ছাড়া প্রকল্পে অবদান রাখায় পরামর্শদাতা, বিশ্ববিদ্যালয় ক্লাব, শিক্ষার্থী প্রতিনিধি এবং বিএসআরএম, ওয়ালটন ও ক্রাইজোটেকসহ বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানকে ‘শি-স্টেম সম্মাননা’ দেওয়া হয়।

প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও এর মাধ্যমে গড়ে ওঠা অংশীদারত্ব, পরামর্শক নেটওয়ার্ক ও কর্মসংস্থানের সুযোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাঁদের মতে, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর পেশায় নারীদের অংশগ্রহণ বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করা প্রয়োজন।