নভেম্বর ২৪, ২০২৬, ০৮:০৫ পিএম
নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার এই মহড়া পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নিজেই সামরিক যান চালান।
উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু বারো আউলিয়া খাল থেকে ভিউ পয়েন্ট-১ পর্যন্ত আট কিলোমিটার পথ এটিভি ভিহিকল মডেলের বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান চালিয়ে আসেন।
পথজুড়ে দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
এক ভেন্যু থেকে অন্য ভেনুতে যাওয়ার আট কিলোমিটার পথে ধানের ক্ষেতের পাশ দিয়ে কাঁদামাটির আঁকাবাঁকা পথে যানটি ধীরে ধীরে চলতে দেখা যায়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে। সে সময় তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন। সাঁজোয়া যান চালানোর সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬-এর চূড়ান্ত অনুশীলন স্বর্ণদ্বীপে পৌঁছে প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহড়াস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম দেখার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি। এই বিশেষ মহড়ায় অংশ নিয়েছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় ১৯৭৮ সালে জেগে ওঠা স্বর্ণদ্বীপের আগের নাম ছিল জাহাজ্জার চর।
জেলা সদর বা মূল ভূখণ্ড থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দ্বীপটি উত্তর-দক্ষিণে ২৮ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ১৪ কিলোমিটার বিস্তৃত। শুরু থেকেই দেশের স্বাভাবিক নিরাপত্তা বলয়ের বাইরে থাকা এই চর একসময় জলদস্যু ও ডাকাতদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল।
২০১৩ সালের ১৪ মার্চ সেনাসদরের নির্দেশনায় ৩৩ পদাতিক ডিভিশনের সাঁড়াশি অভিযানে জলদস্যু ও ডাকাতদের নির্মূল করে স্বর্ণদ্বীপের নিরাপত্তা নিশ্চিত করা হয়। ওই অভিযানে ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ১০১ পদাতিক ব্রিগেডের ১০ ই বেঙ্গল, ৫৬ ই বেঙ্গল এবং ৬ বীর অংশ নিয়ে ডাকাতদের আস্তানা থেকে প্রচুর অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। সেদিনই স্বর্ণদ্বীপে সেনা মোতায়েন করা হয়, যা এখনো অব্যাহত আছে।
ভূমি মন্ত্রণালয় প্রাথমিকভাবে ২০১৩ সালের ১৫ আগস্ট এবং পরে ১৪ নভেম্বর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বীপটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।
এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আট মাস স্বর্ণদ্বীপ জলমগ্ন ও কর্দমাক্ত থাকে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়টায় দ্বীপটি যান চলাচল ও অন্যান্য কাজের উপযোগী হয়ে ওঠে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি আদর্শ প্রশিক্ষণ এলাকা হিসেবে স্বর্ণদ্বীপকে গড়ে তোলার কাজ বর্তমানে চলছে।
স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গবাদি পশু পালন, দুগ্ধ খামার স্থাপন, বনায়ন, উন্নত পদ্ধতিতে শস্য উৎপাদন, মৎস্য পালন ও সৌর বিদ্যুৎ উৎপাদনের মতো আর্থসামাজিক ও পরিবেশ সুরক্ষামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী এবং বিসিসিটির যৌথ উদ্যোগে স্বর্ণদ্বীপে ইতিমধ্যে তিনটি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে।
তথ্যসূত্র: বাসস

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন