মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
জাতিসংঘের বৈশ্বিক হ্যাকাথন

কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাকাথনে বিশ্বসেরা বাংলাদেশের জেডএআই বিডি দল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৬:৩৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাকাথনে বিশ্বসেরা বাংলাদেশের জেডএআই বিডি দল

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এপিআইয়ের ওপর নির্ভর না করে নিজস্ব প্রযুক্তি অবকাঠামোয় তৈরি প্ল্যাটফর্ম দিয়ে জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল জেডএআই বিডি। ৩৭টি দেশের কয়েকশ দলকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেছে তারা।

দলটির তৈরি ক্লজচেইন নামের প্ল্যাটফর্মটি বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যবিষয়ক আইন ও বিধিমালা বিশ্লেষণ করতে পারে।

বিজয়ী দলের চার সদস্যই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক বা বিডিরেনের কর্মী। দলটির নেতৃত্ব দেন বিডিরেনের ব্যবস্থাপক উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী আবু নাছের মুহা. নাফিউ।

অন্য সদস্যরা হলেন বিডিরেনের জ্যেষ্ঠ উন্নয়নকারী ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী পুনম চৌধুরী, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী মো. সানিউল বাসির সাজ এবং আইনি পর্যালোচক মো. ইনসাফুল রহমান তুষার।

গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আন্তর্জাতিক বিচারকেরা বাংলাদেশের দলটিকে বিজয়ী ঘোষণা করেন।

ক্লজচেইন বিভিন্ন দেশের সরকারি পোর্টাল ও গেজেট থেকে আইন সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করে। পাশাপাশি এসব আইনের বিভিন্ন ধারার সঙ্গে জাতিসংঘের আঞ্চলিক ডিজিটাল বাণিজ্য সংযুক্তি সূচকের সামঞ্জস্য যাচাই করে।

বর্তমানে ১১টি দেশের আইন বিশ্লেষণ করতে পারে এই প্ল্যাটফর্ম। এক হাজার ৪৯টি সরকারি উৎস থেকে সংগ্রহ করা ৭৪৬টি আইন ও বিধিমালার এক লাখ ৫৪ হাজারের বেশি ধারা ইতোমধ্যে এতে প্রক্রিয়াজাত করা হয়েছে এবং এটি সম্পূর্ণ উন্মুক্ত উৎসের।

দলনেতা আবু নাছের মুহা. নাফিউ বলেন, আমাদের লক্ষ্য ছিল এমন একটি ব্যবস্থা তৈরি করা, যার প্রতিটি তথ্য মূল সরকারি নথি থেকে যাচাই করা যায়। বিডিরেনের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের নিজস্ব অবকাঠামোতেই বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার সক্ষমতা দেখিয়েছে।

বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও বিডিরেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক মামুন আহমেদ বলেছেন, তরুণদের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতা দেশের গবেষণা ও উদ্ভাবনে কাজে লাগাতে এ ধরনের উদ্যোগে সহযোগিতা করবে কমিশন।

মঙ্গলবার ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিডিরেনের ৬৪তম ট্রাস্টি বোর্ড সভায় তিনি এ কথা বলেন। সভায় কমিশনের সদস্য অধ্যাপক মাছুমা হাবিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনসহ বিডিরেন ও কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।