মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬ শুরু ডিসেম্বরে

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৬:১৮ পিএম

ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬ শুরু ডিসেম্বরে

তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর নগরভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় পরিকল্পনার এসব দিক তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

মূল প্রতিযোগিতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ২৪টি থানাকে চারটি জোনে ভাগ করে খেলানো হবে। পাশাপাশি নারীদের খেলাধুলায় যুক্ত করতে নির্দিষ্ট বয়সসীমার ভিত্তিতে বিভিন্ন থানার স্কুল ছাত্রীদের নিয়ে আলাদা একটি নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগও রয়েছে।

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাতীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে টুর্নামেন্টের উদ্বোধন করতে চান আয়োজকেরা। পুরো নগরবাসীকে সম্পৃক্ত করতে উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজি ও কনসার্টসহ সাংস্কৃতিক আয়োজন রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

টুর্নামেন্টের নীতিমালা তৈরি, খেলোয়াড় বাছাই, গ্রুপিং এবং রেফারিংয়ের দায়িত্ব পালন করবেন সাবেক ফুটবলার ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেখানে স্থানীয় খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হবে। প্রতিটি দলে বহিরাগত খেলোয়াড় কতজন থাকতে পারবেন, তা নীতিমালায় নির্ধারণ করে দেওয়া হবে।

ডিসেম্বরের রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে খেলার সূচি ঠিক করা হবে, যাতে রাজনৈতিক কর্মসূচি ও খেলাধুলা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক না হয়।

আবদুস সালাম বলেন, রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও সবাইকে সম্পৃক্ত করতে চায় সিটি কর্পোরেশন। তাঁর ভাষায়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পুরো ঢাকা শহরের মানুষকে একত্রিত করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। আয়োজকদের আশা, এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণেরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে মাঠমুখী হবেন, স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ঘটবে এবং সম্প্রীতি জোরদার হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সভায় ছিলেন।