মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
প্রাতিষ্ঠানিক জবাবদিহি

নারীর প্রতি সহিংসতা রোধে প্রাতিষ্ঠানিক জবাবদিহির তাগিদ সংলাপে

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৪:৪৯ পিএম

নারীর প্রতি সহিংসতা রোধে প্রাতিষ্ঠানিক জবাবদিহির তাগিদ সংলাপে

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে শুধু আইন প্রণয়ন ও সচেতনতা তৈরি যথেষ্ট নয়, বরং আইনের কার্যকর প্রয়োগ, সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সহজলভ্য সহায়তা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মত দিয়েছেন বক্তারা। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক জাতীয় সংলাপে এ আহ্বান জানানো হয়। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযানের সূচনা উপলক্ষে ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকারদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান প্রতিপাদ্যে সংলাপটি অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, নারী অধিকার ও মানবাধিকার নিয়ে দীর্ঘদিন কাজ চললেও নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ হচ্ছে না; তাই সমাজে সহিংসতাকে স্বাভাবিকভাবে দেখার প্রবণতা বদলাতে হবে এবং ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মূল প্রবন্ধ উপস্থাপনে এমজেএফের অধিকার ও সুশাসন কর্মসূচির পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী জানান, আইন থাকলেও ভুক্তভোগীরা অনেক ক্ষেত্রেই ন্যায়বিচার পান না, যার বড় কারণ বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, সামাজিক অপবাদ, ভয়ভীতি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহির অভাব। অভিযোগ জানানোর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা, দ্রুত তদন্ত এবং প্রান্তিক নারী ও কন্যাশিশুদের জন্য চিকিৎসা, আইনি ও মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার আহ্বান জানান তিনি।

প্যানেল আলোচনায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয় ও দারিদ্র্য বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি না বদলালে শুধু আইন ও নীতিমালায় নারীর প্রতি সহিংসতা থামানো যাবে না; শৈশব থেকেই শিক্ষার মাধ্যমে নারী-পুরুষের সমতার ধারণা গড়ে তোলা, বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর নারীদের অভিজ্ঞতা বুঝতে আলাদা তথ্য বিশ্লেষণ করা এবং নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সহিংসতার অভিযোগ জানাতে গিয়ে নারীদের ফের হয়রানি ও ভোগান্তির মুখে পড়ার বিষয়টি তুলে ধরেন চিকিৎসক, গবেষক ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা।

ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারসহ বিদ্যমান সেবাকেন্দ্রে পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী, সুযোগ-সুবিধা ও সহায়তার ব্যবস্থা আছে কি না তা খতিয়ে দেখা এবং অভিযোগের পর যথাযথ সেবা ও নিয়মিত খোঁজখবর রাখার ওপর জোর দেন তিনি, যাতে সহায়তা চাইতে গিয়ে কেউ নতুন ক্ষতির শিকার না হন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার ও বৈষম্য দূর করতে বিশেষ ব্যবস্থার সুযোগ থাকলেও বাস্তবে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় ব্যবধান রয়েছে; এ ব্যবধান কমাতে পুলিশের প্রশিক্ষণ, মামলার আলামত সংরক্ষণ, ফরেনসিক পরীক্ষার সক্ষমতা বাড়ানো এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তিনি।

ঢাকায় সুইডেন দূতাবাসের সহযোগিতা বিভাগের উপপ্রধান ফিলিক্স হেলগেসন ভুক্তভোগীদের জন্য চিকিৎসা, পরামর্শসেবা, আইনি সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা জোরদার করার পাশাপাশি প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় এসব সেবা পৌঁছানোর তাগিদ দেন।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের উপপ্রধান বাইবা জারিনা আইন প্রণয়নের পাশাপাশি কার্যকর বাস্তবায়ন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং জানান, রাজনীতি ও জনপরিসরে অংশগ্রহণকারী নারীরা ভয়ভীতি, হুমকি ও সহিংসতার মুখে পড়ছেন, তাই এসব ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী অধিকার সংগঠনগুলোর ধারাবাহিক অর্থায়ন ও ভুক্তভোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরি।

সমাপনী বক্তব্যে এমজেএফের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ বলেন, পরিবার থেকেই ছোটবেলায় শিশুদের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও সমতার শিক্ষা দিতে হবে, আর সহিংসতা প্রতিরোধের কাজ কেবল ১৬ দিনের প্রচারাভিযানে সীমাবদ্ধ না রেখে সারা বছরের অঙ্গীকারে পরিণত করতে হবে।