মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
নবীন বরণ

বীরগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপির

জাহিদ হাসান

নভেম্বর ২৪, ২০২৬, ০৩:৪৮ পিএম

বীরগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপির

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে একাদশ, অনার্স ও ডিগ্রি পাস কোর্সের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এ অঞ্চলের শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। শিক্ষা একটি জাতিকে উন্নতি ও সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। একটি শিক্ষিত প্রজন্মই পারে দেশ ও জাতির ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে। তাই শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের হাত ধরেই আগামীতে রাষ্ট্র ও সমাজ এগিয়ে যাবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই শিক্ষার্থীদের মাদকমুক্ত সমাজ গঠনে সচেতন ভূমিকা পালন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং তরুণ সমাজকে অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে।

সংসদ সদস্য আরও বলেন, শিক্ষকদের সর্বোচ্চ সম্মান করতে হবে। কারণ শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তাঁরা শিক্ষার্থীদের জীবন গঠনের পথপ্রদর্শক। একই সঙ্গে বাবা-মা ও অভিভাবকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, তাঁদের কথা শুনতে হবে এবং তাঁদের স্বপ্ন ও প্রত্যাশার মর্যাদা দিতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্রী সোহাগ বাবু, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মো. আব্দুল মতিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মনোয়ার আহমেদ সিদ্দিকী।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজজীবন শুধু সার্টিফিকেট অর্জনের সময় নয়, বরং জ্ঞান, দক্ষতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মো. কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সুবাস দাস, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মশিউর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বিএনসিসির পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং পরে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়, যা অনুষ্ঠানের সূচনাকে আরও বর্ণিল ও মর্যাদাপূর্ণ করে তোলে।