মো. ফরহাদ হোসেন
জানুয়ারি ১২, ২০২৬, ০১:৪২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ঝড়-বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ—কোনো প্রতিকূলতাই দমাতে পারেনি তাঁর মানবিক পথচলা। আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার অদম্য ইচ্ছাই তাঁকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ রোভার’ নির্বাচিত হয়েছেন তরুণ স্কাউটার জাহিদুল ইসলাম।
জাহিদুল ইসলাম বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ হাজিপাড়া গ্রামের মোঃ রিয়াজ উদ্দিন ও মোছাঃ জমিলা খাতুনের সন্তান।
বর্তমানে তিনি বীরগঞ্জ সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং ওই কলেজ রোভার স্কাউট গ্রুপের 'রোভার মেট' হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৯ সালে স্কাউটিং যাত্রা শুরু করা জাহিদুল ইসলাম করোনাকালীন উপজেলা প্রশাসনকে ত্রাণকার্যে সহায়তা, স্বেচ্ছায় রক্তদান, বন্যার্তদের পাশে দাঁড়ানো এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মতো অসংখ্য মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাঁর এই নিঃস্বার্থ সমাজসেবার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি বাংলাদেশ স্কাউটস থেকে ‘ন্যাশনাল সার্ভিস’ অ্যাওয়ার্ড অর্জন করেন।উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, “স্কাউটিং মানে কেবল ইউনিফর্ম নয়, স্কাউটিং মানে মানুষের জন্য কাজ করা।
এই স্বীকৃতি আমাকে আর্তমানবতার সেবায় আরও বেশি দায়িত্বশীল করে তুলেছে।বীরগঞ্জ সরকারি কলেজের রোভার স্কাউট লিডার ও প্রভাষক আল মামুন বলেন, জাহিদুলের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি মানবিক মূল্যবোধে বিশ্বাসী তরুণ সমাজের প্রতিচ্ছবি। তাঁর এই পথচলা নতুন প্রজন্মকে সমাজসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।