সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে তারুণ্যের উৎসব সংবর্ধনা পেলেন কৃতি শিক্ষার্থীরা

মোঃ আরিফ ইসলাম

মার্চ ১৯, ২০২৬, ০৫:১২ পিএম

বীরগঞ্জে তারুণ্যের উৎসব সংবর্ধনা পেলেন কৃতি শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোঃ মনজুরুল ইসলাম। 

কৃতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিতে এবং তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করতেই মূলত এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন যে মেধা ও সঠিক পরিশ্রমের মাধ্যমেই তরুণ প্রজন্মকে দেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি ইংরেজি ও গণিত শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন যাতে তারা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের স্কলারশিপ অর্জন করতে পারে। 

তিনি আরও বলেন যে শিক্ষার্থীদের পরিবারের ওপর আর্থিক চাপ না বাড়িয়ে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনবোধে টিউশনির মতো কাজে যুক্ত হয়ে নিজের খরচ নিজে চালানোর মানসিকতা তৈরির ওপর তিনি বিশেষ জোর দেন। সঠিক দিকনির্দেশনা ও শৃঙ্খলা মেনে চললে এই শিক্ষার্থীরাই একদিন দেশের গর্ব হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানের শেষ অংশে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 

একই সাথে সামাজিক সংগঠন এসএবি-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় যা আগামীতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে মেধা বিকাশের এই ধারা অব্যাহত রাখতে তারা ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করবে। ‍‍`আমাদের এক হৃদয়, লক্ষ্য হোক বিশ্বজয়‍‍`—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা যাতে আগামীর বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে সেই লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।