বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০২:৩৯ পিএম

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সুযোগ দিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি ও পরীক্ষা ১ ফেব্রুয়ারির পর থেকে নেওয়ার অনুরোধ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে ইউজিসির সেই অনুরোধ অগ্রাহ্য করে পূর্বনির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়। আবার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়েছে। বুধবার পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের ১২টি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসির অনুরোধ সত্ত্বেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। আগামী ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। ভর্তি আবেদন শুরু হবে ১৫ নভেম্বর এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘সি’, ৩০ জানুয়ারি ‘এ’, ৫ ফেব্রুয়ারি ‘বি’ এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া ‘বি-১’ ও ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন চলবে ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রয়োজনীয় যোগ্যতা অর্জনকারীরাও আবেদনের সুযোগ পাবেন।

সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ পরীক্ষার ভর্তি নীতিমালা শিগগিরই প্রকাশ করা হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি আবেদন শুরু হবে ২১ নভেম্বর এবং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১৬ জানুয়ারি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও ভর্তির যোগ্যতার শর্ত অপরিবর্তিত থাকবে। এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পেলেও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রাখা হয়নি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়ে আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত ১০ নভেম্বর থেকে এর আবেদন শুরু হয়েছে, যা চলবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগে মোট ১ হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে এবং এবার যোগ্যতার কিছু শর্ত শিথিল করা হয়েছে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এইউবি) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে আগামী বছরের ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আগে ৫ ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার বিষয় বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার কেন্দ্র হিসেবে ঢাকার বিএএফ শাহীন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাস নির্ধারণ করা হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে আগামী বছরের ১৭ ও ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আগে ২৬ ও ২৭ জানুয়ারি পরীক্ষা হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি আপাতত বহাল রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিনে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা নেওয়ার পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।