নভেম্বর ১২, ২০২৬, ০২:১৫ পিএম
সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকে সহায়ক শক্তি হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনলাইন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। অর্জিত গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখার লক্ষ্য সামনে রেখে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি তিনি গণমাধ্যমকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সংবাদ পোর্টালগুলোর ভিউ ও পাঠকপ্রিয়তা নিশ্চিত করতে মানসম্মত সাংবাদিকতা এবং কনটেন্টের গুণগত মান ধরে রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। গণমাধ্যমের মান বজায় রাখতে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব লিখিতভাবে জমা দিলে মন্ত্রণালয়ের জন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা সহজ হবে। অনলাইন পোর্টালের বিজ্ঞাপন, টেলিভিশন ও পোর্টালের অডিট-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে।
সাংবাদিক সংগঠনের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদেরও পর্যায়ক্রমে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে সবার মতামতের ভিত্তিতে আলোচনার মাধ্যমেই নীতিমালা প্রণয়ন করা হবে। ভবিষ্যৎ কর্মপন্থা ও নীতির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, মূল নীতি থাকবে একটিই—সবার আগে বাংলাদেশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন