বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

নিষেধাজ্ঞা ও বৈরিতা সত্ত্বেও বাড়ছে ভারত থেকে পাকিস্তানের আমদানি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০২:১৭ পিএম

নিষেধাজ্ঞা ও বৈরিতা সত্ত্বেও বাড়ছে ভারত থেকে পাকিস্তানের আমদানি

ভারত ও পাকিস্তানের বাণিজ্য ও আমদানি সংশ্লিষ্ট প্রতীকী ছবি।

রাজনৈতিক বৈরিতা এবং কঠোর সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও অত্যন্ত কৌশলে ভারত থেকে পাকিস্তানের আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করেছে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ভারত থেকে ৬ কোটি ১৭ লাখ ডলারের সমপরিমাণ পণ্য আমদানি করেছে পাকিস্তান। আগের বছরের একই সময়ের তুলনায় এই আমদানি প্রায় ৬৯ শতাংশ বেশি। এর আগে দুই দেশের মধ্যকার সামরিক সংঘাতের পর আমদানি কমে গেলেও ধীরে ধীরে তা আবার ঘুরে দাঁড়াচ্ছে।

বিশ্লেষণে দেখা গেছে, ভারত থেকে পাকিস্তানের আমদানির বিশাল একটি অংশজুড়ে রয়েছে জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসাসামগ্রী। সরকারি বাণিজ্যিক তথ্য অনুযায়ী, ভারত থেকে আমদানির প্রায় ৯৬ দশমিক ২ শতাংশই জৈব রাসায়নিক ও ওষুধশিল্পের পণ্য। সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে টিকা, রক্তের উপাদান থেকে তৈরি চিকিৎসাপণ্য ও এ ধরনের অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এই খাতের আমদানির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মূলত দামের সাশ্রয়, সহজলভ্যতা এবং সরবরাহের সুবিধার কারণেই ভারত থেকে এসব পণ্য আমদানি করতে বাধ্য হচ্ছে পাকিস্তান। বিকল্প বাজার থেকে এই ধরনের কাঁচামাল ও ওষুধ সংগ্রহ করতে গেলে পরিবহন ও উৎপাদন খরচ প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। ভৌগোলিক নৈকট্য এবং কম খরচের কারণে দেশটির ওষুধশিল্পের ওপর এই নির্ভরতা কাটানো সম্ভব হচ্ছে না।

আইনগতভাবে ২০১৯ সাল থেকেই ভারতীয় পণ্য সরাসরি আমদানিতে কড়া নিষেধাজ্ঞা বজায় রেখেছে পাকিস্তান সরকার। পরবর্তীতে ২০২৫ সালের সামরিক সংঘাতের পর সেই নিষেধাজ্ঞার পরিধি আরও কঠোর করা হয়। তবে কঠোর এই নিষেধাজ্ঞার মধ্যেও তৃতীয় দেশ ঘুরে ভারতীয় পণ্য পাকিস্তানে প্রবেশ করছে বলে জানা গেছে। দুবাই ও মালয়েশিয়ার মতো দেশের ব্যবসায়িক রুট ব্যবহার করে এই বাণিজ্য অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দুই দেশের সাম্প্রতিক কিছু ঘটনায় সম্পর্কের বরফ কিছুটা গলতে শুরু করার ইঙ্গিত মিলছে। তবে জনস্বাস্থ্যের জরুরি চাহিদা ও অর্থনৈতিক বাস্তবতার কারণে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির বাইরে গিয়েও বাণিজ্যিক লেনদেন বজায় রাখতে হচ্ছে। সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বাণিজ্য সম্পর্ক আরও স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তথ্যসূত্র: রয়টার্স