বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

হুমকি ও নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ১১:৪১ এএম

হুমকি ও নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

যুক্তরাষ্ট্র ও শত্রুদের হুমকি কিংবা নিষেধাজ্ঞা কোনো কিছুই ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার আহমদ ওয়াহিদি। ইরানের অ্যারোস্পেস দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। দেশটির সংবাদ সংস্থা তাসনিম এই বার্তা প্রকাশ করেছে। মূলত বিদেশি চাপকে উপেক্ষা করে দেশের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে তেহরান।

বার্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মোগাদ্দামের প্রতি গভীর শ্রদ্ধা জানান আইআরজিসি প্রধান। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আজও সেই একই বিপ্লবী চেতনা নিয়ে দেশের শক্তি গড়ে তোলার কাজ চলছে। পাহাড়ের গভীরে এবং ভূগর্ভস্থ নানা স্থাপনায় দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধির এই নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

শত্রু পক্ষকে সতর্ক করে আহমদ ওয়াহিদি বলেন, শহীদ তেহরানি মোগাদ্দামের দেখানো পথ কোনো ধরনের হুমকি বা নিষেধাজ্ঞা দিয়ে থামানো সম্ভব নয়। রক্ত ও আত্মবিশ্বাসের মধ্য দিয়ে এই পথের অগ্রযাত্রা সব বাধা পেরিয়ে অব্যাহত থাকবে। এ সময় আইআরজিসির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলি হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির অবদানের কথাও স্মরণ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এদিকে, ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সব সদস্যকে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আইআরজিসি প্রধান। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন মহলের নানামুখী চাপ এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান তাদের সামরিক ও প্রতিরক্ষা কৌশল থেকে পিছু হটবে না বলেই প্রতীয়মান হচ্ছে। অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নকে তেহরান তাদের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে আসছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নানা ধরনের উত্তেজনা বিরাজ করছে। তা সত্ত্বেও আইআরজিসির শীর্ষ কমান্ডারের এই বক্তব্য থেকে পরিষ্কার যে, যেকোনো ধরনের বাহ্যিক বাধা উপেক্ষা করে দেশের সামরিক শক্তি বৃদ্ধির কাজ পূর্বের মতোই চালিয়ে যাবে ইরান। দেশটির পক্ষ থেকে এমন বার্তা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।