বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ফ্লোরিডা উপকূলে ডুবিয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবাল প্রাচীর গড়া হচ্ছে এস এস ইউনাইটেড স্টেটস

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৭:৫৭ এএম

ফ্লোরিডা উপকূলে ডুবিয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবাল প্রাচীর গড়া হচ্ছে এস এস ইউনাইটেড স্টেটস

ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রার শুরুতে এস এস ইউনাইটেড স্টেটস জাহাজটির আর্কাইভাল ভিডিও চিত্র।

একসময়ের বিশ্বের দ্রুততম এবং টাইটানিকের চেয়েও দীর্ঘ ঐতিহাসিক জাহাজ এস এস ইউনাইটেড স্টেটসকে ফ্লোরিডার উপকূলে ডুবিয়ে দেওয়া হচ্ছে। জলজ জীবনের আবাসস্থল এবং সামুদ্রিক পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় পানির নিচে প্রবাল প্রাচীর তৈরির উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফিলাডেলফিয়ায় প্রায় ত্রিশ বছর নোঙর করে থাকার পর জাহাজটিকে ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়। ঐতিহাসিক এই মহাসাগরীয় লাইনকে জাদুঘরে রূপান্তর করতে কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও তা সফল হয়নি। ফ্লোরিডার একটি কাউন্টি জাহাজটি কেনার পর এটিকে কৃত্রিম প্রবাল প্রাচীর হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে জাহাজটির ইতিহাস সংরক্ষণের জন্য স্থলভাগে একটি জাদুঘর নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

১৯৫২ সাল থেকে শুরু করে ১৯৬৯ সাল পর্যন্ত তার কর্মজীবনে এই জাহাজটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে রাজপরিবারের সদস্য ও সেলিব্রেটিদের বহন করার জন্য বিশেষভাবে পরিচিত ছিল। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার প্রেসিডেন্সির আগে আটলান্টিক মহাসাগর পার হতে এই জাহাজ ব্যবহার করেছিলেন। এ ছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, ডোয়াইট আইজেনহাওয়ার এবং জন এফ কেনেডি এই জাহাজে ভ্রমণ করেছিলেন। বিখ্যাত ব্যক্তিদের মধ্যে মার্লোন ব্র্যান্ডো, কোকো চ্যানেল, ডিউক এলিংটন, সালভাদর দালি, ওয়াল্ট ডিজনি, জুডি গারল্যান্ড এবং ক্যারি গ্রান্টও তাদের যাতায়াতের জন্য এই জাহাজটি বেছে নিয়েছিলেন।

ফ্লোরিডার পৌর সরকারের পক্ষ থেকে এটি ক্রয়ের আগে জাহাজটিকে জাদুঘর বা ভাসমান হোটেল হিসেবে টিকিয়ে রাখার একাধিক প্রস্তাব ব্যর্থ হয়েছিল। বিভিন্ন মালিকের অধীনে এবং দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্য দিয়ে জাহাজটি বিভিন্ন বন্দরে পড়ে ছিল। এস এস ইউনাইটেড স্টেটস কনজারভেন্সি গ্রুপ জাহাজটিকে পানির ওপরে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি। সংগঠনটির সভাপতি সুজান গিবস, যার দাদা এই জাহাজটির নকশা তৈরিতে সহায়তা করেছিলেন, তিনি জানিয়েছেন যে জাহাজটির ইতিহাস মানুষের মাঝে বেঁচে থাকবে।

পরিষ্কার ও দূষণমুক্তকরণের কাজের জন্য গত বছর জাহাজটিকে ফিলাডেলফিয়া থেকে আলাবামায় সরিয়ে নেওয়া হয়েছিল। এরপর সোমবার আলাবামা থেকে ফ্লোরিডার ডেস্টিন উপকূলের উদ্দেশ্যে নিজের শেষ যাত্রা শুরু করে এই ঐতিহাসিক জলযান। কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার না করেই একটি সুনির্দিষ্ট অপারেশনের মাধ্যমে জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হবে। ফ্লোরিডার উপকূলে ইতিমধ্যে যেসব কৃত্রিম প্রবাল প্রাচীর রয়েছে, এই জাহাজটি তার সঙ্গেই যুক্ত হবে।

তথ্যসূত্র: বিবিসি