বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ইসরায়েলে সরকার গঠনের কঠিন সমীকরণে সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকট

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৬:৩৩ এএম

ইসরায়েলে সরকার গঠনের কঠিন সমীকরণে সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকট

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকট

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটের সদস্যদের সুপারিশ পাওয়ার পর নতুন সরকার গঠনের সুযোগ পেয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকট। তবে এই প্রক্রিয়া সফলভাবে শেষ করে দীর্ঘকাল ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই এখন তার জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আদর্শিক ও জাতিগতভাবে ভিন্ন মেরুর যেসব দল আইসেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সুপারিশ করেছে, তাদের মধ্যে বামপন্থি, ডানপন্থি ও মধ্যমপন্থি দলের পাশাপাশি আরব সংখ্যাগরিষ্ঠ দলও রয়েছে। তিনি যেভাবেই জোট সাজান না কেন, তার নেতৃত্বে এক হতে হলে এসব দলের বেশির ভাগকেই নির্বাচনী প্রচারের সময় দেওয়া কঠোর প্রতিশ্রুতি থেকে সরে আসতে হবে। তারপরও জোট গঠনের জন্য আইসেনকট ও তার মিত্রদের ওপর প্রবল চাপ রয়েছে। কারণ, তাদের দৃষ্টিতে জোট গঠনে ব্যর্থ হলে ইসরায়েলে আবারো নির্বাচন হতে পারে। সরকার গঠনে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সব ধরনের সুবিধা নিয়ে ক্ষমতায় থেকে যাবেন নেতানিয়াহু। এ ছাড়া অক্টোবরের নির্বাচনে হাজারো প্রবাসী ইসরায়েলি দেশে ফিরে ভোট দেওয়ায় বিরোধীরা যে ভালো ফল পেয়েছিল, নতুন নির্বাচন হলে তার পুনরাবৃত্তি না-ও হতে পারে। নির্বাচনী প্রচারে কিছু বিষয়ে নমনীয়তার সুযোগ রাখলেও একটি বিষয়ে শুরু থেকেই অনড় ছিলেন আইসেনকট। তার স্পষ্ট বক্তব্য ছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার সময় দেশের প্রতিরক্ষার চূড়ান্ত দায়িত্বে থাকা নেতানিয়াহু সরকারে থাকার যোগ্যতা হারিয়েছেন। নির্বাচনের পর আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে ফলাফল প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন নেতানিয়াহু। এতে বিরোধীদের অবস্থান আরও কঠোর হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে একচেটিয়া ফলাফলও নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর তাগিদ বাড়িয়েছে। বিরোধী নেতাদের যুক্তি, যুক্তরাষ্ট্রের উভয় দলের আইনপ্রণেতাদের কাছেই ইসরায়েলের ভাবমূর্তি এখন তলানিতে। নেতানিয়াহুর প্রতি বিরূপ মনোভাব এতটাই তীব্র যে নতুন একজন প্রধানমন্ত্রী ছাড়া দুই দেশের সম্পর্ক মেরামতের কাজ শুরু করাও কঠিন। শুক্রবার আইসেনকট জানান যে ইসরায়েল ইতোমধ্যে এক বিপজ্জনক কূটনৈতিক সুনামির কবলে পড়েছে। তিনি আরও উল্লেখ করেন যে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নেতানিয়াহুর কর্তৃত্ব বজায় থাকা বিপজ্জনক এবং এটি আর এক দিনের জন্যও চলতে দেওয়া উচিত নয়। পার্লামেন্টে ৪৮ আসনের সমর্থন রয়েছে তার পক্ষে। এর মধ্যে নিজের মধ্য-ডানপন্থি দল ইয়াশার পার্টির ২১টি, নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের মধ্যপন্থি টুগেদার পার্টির ১২টি, ইয়ার গোলানের বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির ৮টি এবং আভিগদর লিবারম্যানের ধর্মনিরপেক্ষ ডানপন্থি দল ইসরায়েল বেইতেইনুর ৭টি আসন রয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর জোটের হাতে রয়েছে এর চেয়েও কম আসন। কট্টর অর্থোডক্স দল ইউনাইটেড তোরাহ জুডাইজম তাকে প্রধানমন্ত্রী হিসেবে সুপারিশ করতে অস্বীকৃতি জানানোয় তার জোটের আসনসংখ্যা কমে গেছে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূরের কথা, জোটের আকার বড় করতেই আইসেনকটের সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় ১৩টি আসন পাওয়া কট্টর অর্থোডক্স দলগুলোর সঙ্গে জোট বাঁধতে হবে, নয়তো রেকর্ড ১৯টি আসন পাওয়া আরব দলগুলোর সমর্থন নিতে হবে। দুটি পথেই রয়েছে বড় ধরনের জটিলতা। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু। তবে পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিয়ে হিসাব-নিকাশ শুরু হয়েছে। আগামী মঙ্গলবার নতুন আইনপ্রণেতারা শপথ নেবেন। নেতানিয়াহুর অনুগত বর্তমান স্পিকার আমির ওহানাকে সরিয়ে নতুন স্পিকার নির্বাচনের চেষ্টা করছেন আইসেনকট। এতে সফল হলে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কমিটিগুলোর নিয়ন্ত্রণ চলে যাবে আইসেনকটের মিত্রদের হাতে। ফলে নেতানিয়াহুবিরোধী জোট নতুন আইন পাসের কাজ শুরু করতে পারবে। এতে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি আইসেনকটের নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও প্রমাণের সুযোগ তৈরি হবে। এ ক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে সহজ কাজ হবে নেতানিয়াহুর জোটের পাস করা বিতর্কিত আইনগুলো বাতিল করা। এর মধ্যে রয়েছে বিচারক নিয়োগে রাজনৈতিক নিয়ন্ত্রণ বাড়ানো এবং অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর মতো বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কারের মতো আইন। এ ছাড়া বিরোধীদের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ৭ অক্টোবরের হামলার আগে নিরাপত্তা ব্যর্থতার তদন্তে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করা। পার্লামেন্টের নিয়ন্ত্রণ পেলে সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা সহজ হবে। গত সপ্তাহে একটি জাতীয় জরুরি সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বলতে শুরু করেন আইসেনকোট। তার বক্তব্যের ধরনে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। আরব দলগুলোর ১৯টি আসন পেলে আইসেনকট সহজেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবেন। কিন্তু এসব দলকে সরকারে নিলে অন্য মিত্রদের হারানোর ঝুঁকি রয়েছে তার। আপাতত আরব দলগুলোর সরাসরি সরকারে যোগ দেওয়ার বিষয়টি অবশ্য অনিশ্চিত। তিনটি ছোট আরব দলের জোট জয়েন্ট লিস্ট সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তবে সংখ্যালঘু সরকার টিকিয়ে রাখতে বাইরে থেকে সমর্থন দিতে পারে তারা। অন্যদিকে আটটি আসন পাওয়া ইউনাইটেড আরব লিস্ট এখনো সরকারে যাওয়ার সম্ভাবনা নাকচ করেনি। তবে আইসেনকট শর্ত দিয়েছেন, তার সরকারে যোগ দিতে হলে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে যেকোনো দলকে। মনসুর আব্বাস সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করলেও সরাসরি ওই ঘোষণা দিতে রাজি হননি। তবে তিনি বলেছেন, হামাসসহ ফিলিস্তিনিদের সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা উচিত। মনসুর আব্বাস আইসেনকটের শর্ত মেনে নিলেও বাধা হয়ে দাঁড়াতে পারেন ইসরায়েল বেইতেইনু দলের নেতা লিবারম্যান। আরব দলগুলোকে সরকারে রাখা কিংবা বাইরে থেকে তাদের সমর্থন নিয়ে সরকার গঠনের প্রস্তাব বারবার নাকচ করেছেন তিনি। ফলে আইসেনকটের সামনে বাকি থাকে কেবল কট্টর অর্থোডক্স বা হারেদি দলগুলোর ওপর নির্ভর করা। কট্টর অর্থোডক্স দলগুলোর সঙ্গে সমঝোতার পথটিও ঝুঁকিতে ভরা। হারেদি জনগোষ্ঠীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের তরুণদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ বা সেনাবাহিনীতে যোগদান এবং তা এড়ানোর শাস্তি থেকে রেহাই পাওয়া। বর্তমানে ইসরায়েলে সেনাবাহিনীতে যোগ দেওয়ার উপযুক্ত বয়সী তরুণদের প্রতি চারজনের একজন হারেদি সম্প্রদায়ের। দীর্ঘ যুদ্ধের কারণে ইসরায়েলি সেনাবাহিনী যখন চাপের মুখে, তখন দেশ রক্ষার দায়িত্ব ভাগ করে নিতে হারেদি তরুণদেরও সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি ছিল আইসেনকট ও তার মিত্রদের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। এর মধ্যেই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রচারে নেতৃত্ব দেওয়া গাদি আইজেনকোটকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে সরকার গঠনের জন্য তার হাতে ২৮ দিন সময় আছে। বিরোধীদের মধ্যে সমঝোতা অনুযায়ী সাবেক মন্ত্রী মাতান কাহানাকে নেসেটের স্পিকার পদে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া রয় ফোকম্যানকে হাউজ কমিটির চেয়ারম্যান, অ্যাভিগডোর লিবারম্যানকে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান এবং লিরান আভিসার বেন-হোরিনকে অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। নেসেটের বিভিন্ন কমিটির গঠন বা সদস্য তালিকা কেমন হবে তা হাউজ কমিটির বৈঠকের মাধ্যমে আলোচনা করে চূড়ান্ত করা হবে এবং পরবর্তীতে তা নেসেটের সাধারণ অধিবেশনে চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে। বর্তমান পরিস্থিতিতে আরব দলগুলোর সমর্থন পাওয়ার কারণে আইসেনকটকে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট, যা ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস