বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৬:১৭ পিএম

ইরান যুদ্ধে খরচ হওয়া অর্থ ফেরত চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরান যুদ্ধে যেসব দেশকে যুক্তরাষ্ট্র রক্ষা করেছে, তাদের কাছ থেকে সামরিক ব্যয়ের ক্ষতিপূরণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রচারিত একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। ট্রাম্প বলেছেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সুরক্ষা দিয়েছে, তাদের যাবতীয় খরচ মিটিয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্র না থাকলে ওই দেশগুলোর অস্তিত্ব থাকত না বলে মন্তব্য করেছেন তিনি।

সাক্ষাৎকারে প্রথমবারের মতো স্পষ্টভাবে ইসরায়েলের কাছ থেকেও ক্ষতিপূরণের দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ছাড়া ইসরায়েলের অস্তিত্ব টিকত না। মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির ভরাডুবির পর এই নতুন দাবি সামনে এল। ভোটের ফলাফলের পেছনে ইরান যুদ্ধ নিয়ে জনগণের মধ্যে থাকা অসন্তোষ আংশিক ভূমিকা রেখেছে বলে স্বীকারও করেছেন তিনি। একই সঙ্গে এই যুদ্ধকে সামরিকভাবে কার্যত শেষ বলে ঘোষণা করেছেন ট্রাম্প।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক ভান্ডারের মাথা কেটে দিয়েছে। তিনি যদি এই পদক্ষেপ না নিতেন, তবে বর্তমানে ইসরায়েল বলে কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকত না। এর আগে হরমুজ প্রণালির আশপাশে মার্কিন সামরিক উপস্থিতি থেকে উপকৃত হওয়া উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেও খরচ ফেরত চেয়েছিলেন তিনি। গত জুলাইয়ের এক ব্রিফিংয়ে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের নাম উল্লেখ করেছিলেন।

তবে উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে তাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। বরং ইরানের পাল্টা হামলার প্রাথমিক ধাক্কা তাদেরই সামলাতে হয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি সদস্য দেশগুলো শুরু থেকেই এই সংঘাতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে আসছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যে যুদ্ধ উপসাগরীয় মিত্ররা নিজেরা শুরু করেনি, তার জন্য বাড়তি অর্থ পরিশোধের দাবি তুললে তারা স্বাভাবিকভাবেই বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে।

কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহকারী অধ্যাপক এবং চ্যাথাম হাউসের সহযোগী ফেলো বদর আল-সাইফ মনে করেন, ট্রাম্প বিদ্যমান কোনো বাণিজ্য চুক্তি বা উপসাগরীয় বিনিয়োগকেই এই ক্ষতিপূরণ হিসেবে উপস্থাপন করতে পারেন। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ফরিদ বুসাইদের মতে, এই দাবি শেষ পর্যন্ত পরোক্ষ রূপ নিতে পারে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক বিনিয়োগ এবং অতিরিক্ত মার্কিন অস্ত্র কেনার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। অতীতেও বিদেশি বিনিয়োগকে উপহার হিসেবে তুলে ধরার রেকর্ড রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

ইসরায়েলের ক্ষেত্রে এই আর্থিক বোঝা চাপানোর সিদ্ধান্তটি দেশটির বর্তমান সম্পদ ও অর্থনৈতিক সীমাবদ্ধতার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডারহাম বিশ্ববিদ্যালয়ের মারজিয়া কুহি ইসফাহানির মতে, মিত্র দেশগুলোর ওপর এমন আর্থিক বোঝা চাপানো পুরোনো নীতি হলেও ইসরায়েলের বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে এটি বেশ জটিল হবে। শেষ পর্যন্ত মিত্র দেশগুলো এই দাবির মুখে কীভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটাই এখন দেখার বিষয়।