বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অফিশিয়াল অনলাইন সাপোর্ট কমিউনিটি চিরতরে বন্ধ করে দিচ্ছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৫:১৭ পিএম

অফিশিয়াল অনলাইন সাপোর্ট কমিউনিটি চিরতরে বন্ধ করে দিচ্ছে অ্যাপল

অ্যাপল লোগো

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের অফিসিয়াল অনলাইন সাপোর্ট কমিউনিটি চিরতরে বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ২০ নভেম্বর এই সেবাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীদের পারস্পরিক সহযোগিতার দীর্ঘদিনের এই অনলাইন ফোরামটির অধ্যায় শেষ হতে চলেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাপোর্ট কমিউনিটির হোমপেজে ইতিমধ্যে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে এই প্ল্যাটফর্মে নতুন কোনো পোস্ট বা আলোচনা করার সুযোগ আর থাকবে না।

তবে প্ল্যাটফর্মটি পুরোপুরি মুছে ফেলা হচ্ছে না। বন্ধ হওয়ার পর এটি শুধুমাত্র রিড-অনলি বা পঠনযোগ্য অবস্থায় অনলাইনে থাকবে। ফলে ব্যবহারকারীরা অতীতে করা বিভিন্ন আলোচনা ও সমস্যার সমাধানগুলো দেখতে পাবেন, তবে সেখানে নতুন করে কোনো মন্তব্য বা প্রশ্ন করা যাবে না।

১৯৯৮ সালে চালু হওয়ার পর থেকে দীর্ঘ বছর ধরে এই অনলাইন কমিউনিটি বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। শুরুর দিকে এর নাম ছিল অ্যাপল ডিসকাশনস, যা পরবর্তীতে পরিবর্তন করে বর্তমান নামে রূপান্তর করা হয়। প্রযুক্তিগত কোনো সমস্যার মুখে পড়লে বা কোনো ফিচারের ব্যবহার সম্পর্কে জানতে ব্যবহারকারীরা প্রায়ই এই ফোরামের সহায়তা নিতেন।

কৌশলগত মূল্যায়ন এবং গ্রাহকদের বর্তমান চাহিদার বিষয়টি বিবেচনা করেই এই সাপোর্ট কমিউনিটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ব্যবহারকারীরা এখন থেকে কোম্পানির অফিশিয়াল সাপোর্ট সাইট থেকে নির্ভরযোগ্য দিকনির্দেশনা ও সহায়তা গ্রহণ করতে পারবেন।

ভবিষ্যতে অ্যাপলের ডিভাইস বা সেবা সম্পর্কিত কোনো বিষয়ে অন্যান্য ব্যবহারকারীদের মতামত বা পরামর্শ নিতে চাইলে গ্রাহকদের বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মগুলোর ওপর নির্ভর করতে হবে।