বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অফিসে দুপুরের খাবারের পর ঝিমুনি কাটিয়ে সচল থাকার সহজ কিছু উপায়

ফিচার ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৪:৫৭ পিএম

অফিসে দুপুরের খাবারের পর ঝিমুনি কাটিয়ে সচল থাকার সহজ কিছু উপায়

দুপুরের খাবারের পর ঝিমুনি কাটাতে হালকা হাঁটাচলা ও সঠিক খাদ্যাভ্যাস জরুরি।

দুপুরের খাওয়ার পরপরই অনেকের মধ্যে ঘুম ঘুম ভাব তৈরি হয়। বিশেষ করে অফিসে লাঞ্চের পর ডেস্কে বসে কাজ করার সময় এই ঝিমুনি যেন আরও বেশি জেঁকে বসে। শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দ অনুযায়ী দুপুরের দিকে সতর্কতা ও কর্মক্ষমতা কিছুটা কমে আসতে পারে। এর সঙ্গে রাতের অপর্যাপ্ত ঘুম, ভারি খাবার খাওয়া কিংবা দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করার মতো বিষয়গুলো যুক্ত হয়ে এই ক্লান্তি আরও বাড়িয়ে দেয়। তবে কিছু সুনির্দিষ্ট অভ্যাসে পরিবর্তন এনে দুপুরের এই ঝিমুনি ভাব অনেকটাই কমানো সম্ভব।

অফিসে দুপুরের খাবার খাওয়ার সময় অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা জরুরি। অনেকেই কাজ করতে করতে খাবার খান, যার ফলে পেট কতটুকু ভরল তা বোঝা যায় না এবং একপর্যায়ে বেশি খাওয়া হয়ে যায়। তাই খাওয়ার সময় অন্যমনস্ক না থেকে ধীরে ধীরে সময় নিয়ে খাওয়া উচিত। পেট ভরে গেছে মনে হলেই খাওয়া বন্ধ করতে হবে। এ ছাড়া দুপুরের খাবার অতিরিক্ত খাওয়ার পেছনে আরেকটি সাধারণ কারণ হলো সকালে সুষম নাশতা বাদ দেওয়া। তাই সকালে পুষ্টিকর খাবার খাওয়া উচিত।

দুপুরের খাবারে প্রোটিন, শর্করা ও আঁশের ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি। খাবারে অতিরিক্ত তেল বা চর্বিযুক্ত খাবার যেমন বিরিয়ানি, পিৎজা কিংবা তেলেভাজা এড়িয়ে চলা উচিত। সেই সঙ্গে প্রক্রিয়াজাত খাবার এবং কার্বোনেটেড নরম পানীয় এ সময় না খাওয়াই ভালো। এর বদলে দুপুরের খাবারে শস্যজাতীয় খাবার, আঁশযুক্ত সবুজ শাকসবজি এবং সালাদ রাখা যেতে পারে। এই ধরণের খাবার রক্তের শর্করাকে ধীরে শোষিত হতে সাহায্য করে, ফলে দেহের ইনসুলিনের মাত্রা সহনশীল থাকে এবং ঘুম ঘুম ভাব দূর হয়।

বাইরের প্রক্রিয়াজাত শর্করা ও চর্বিযুক্ত খাবার অর্ডার করে খাওয়ার প্রবণতা দুপুরের ঝিমুনি আরও বাড়িয়ে দিতে পারে। তাই স্বাস্থ্য সুরক্ষায় বাসা থেকে রান্না করা সুষম খাবার অফিসে নিয়ে যাওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ভাতে শর্করা থাকে যা শরীরের শক্তির অন্যতম উৎস, তাই শুধু ভাত খেলেই ঘুম পায় এই ধারণা পুরোপুরি সঠিক নয়। মূলত অতিরিক্ত খাবার গ্রহণ এবং খাবারে পুষ্টির সঠিক ভারসাম্য না থাকার কারণেই এই সমস্যা তৈরি হয়।

অফিসে লাঞ্চ শেষ করার পর ১০ থেকে ১৫ মিনিট হালকা হাঁটাচলা করলে দারুণ উপকার পাওয়া যায়। অফিসের করিডর, সিঁড়ির আশপাশে বা ভবনের নিচে স্বাভাবিক গতিতে হাঁটলে শরীর সক্রিয় থাকে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে মনে রাখতে হবে, খাওয়ার পরপরই কোনো ধরনের ভারি ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে। এই ছোট ও সাধারণ অভ্যাসগুলো মেনে চললে কর্মব্যস্ত দুপুরেও সতেজ ও মনোযোগ সহকারে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে।