নভেম্বর ১১, ২০২৬, ০৪:৫৫ পিএম
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন উপলক্ষে আন্তালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশন শুরু হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে সম্মেলনস্থলে এই অধিবেশন শুরু হয়।
উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া উপস্থিত রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এর আগে স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়।
উদ্বোধনী অধিবেশনের আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন