নভেম্বর ১১, ২০২৬, ০৫:০০ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রেজওয়ান আহম্মেদকে আদালতে হাজির করা হয়। এরপর ঘটনার নেপথ্যে থাকা অন্য সহযোগীদের খুঁজে বের করতে পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়।
রিমান্ড আবেদনের পক্ষে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জানান, রাজধানী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল ও বোমা নিক্ষেপের ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততা রয়েছে। বিস্ফোরক কোথায় মজুত আছে এবং এর পেছনে কারা কাজ করছে, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়া বড় রাজনৈতিক নেতাদের সঙ্গে তার যোগাযোগের কথা উল্লেখ করা হয়।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম রব্বানী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন জানান। তিনি আদালতকে বলেন, রেজওয়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী এবং বর্তমানে তার পরীক্ষা চলছে। তাকে রিমান্ডে পাঠানো হলে তার শিক্ষাজীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া অন্য একটি পক্ষের দ্বন্দ্বের কারণে তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তিন দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন