বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু জানুয়ারি থেকে

জাতীয় ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ১২:৪১ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু জানুয়ারি থেকে

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)

আগামী জানুয়ারি মাস থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হচ্ছে। একই সঙ্গে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে। সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ইউজিসি কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় শিক্ষার্থীদের স্বার্থ, ভর্তি পরীক্ষার সময়সূচি এবং এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কিছুটা কম। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ২০২৬ সালে এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি। শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে দেখা গেছে, অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। তাদের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে। এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখ যেন সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা চান, শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ লাভ করে। ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে আয়োজন করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের অনুরোধ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার কার্যক্রমে ধারাবাহিক সমন্বয় নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব সভায় আলোচিত হয়েছে। প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। এই কমিটি সারা বছর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম ও সময়সূচি সমন্বয়ের বিষয়ে কাজ করবে। পাশাপাশি আগামী বছর থেকে আরও পরিকল্পিতভাবে আগাম ভর্তি কার্যক্রম শুরু করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে। ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি পরিবর্তনের বিষয়েও উপাচার্যদের সঙ্গে আলোচনা করা হয়েছে। বর্তমানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। গত বছরের ন্যায় চলতি বছরেও একই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত বহাল রয়েছে।

তবে শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভর জ্ঞান নয়, বরং বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতা যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একজন শিক্ষার্থী যে বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, সে বিষয়ে তার মৌলিক জ্ঞান ও সামর্থ্য যাচাই করা প্রয়োজন। এই বিবেচনায় আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউ পদ্ধতির পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থী মূল্যায়ন করা যায় কি না, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে জিপিএ বা গ্রেড পয়েন্টের বিষয়টি যথাযথভাবে বিবেচনার জন্যও উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে।

দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য প্রায় ৬৩ হাজার আসন রয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসন রয়েছে ১০ লাখের বেশি। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চার লাখের বেশি আসন রয়েছে। এই বাস্তবতায় উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ এবং শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে এবং ইউজিসি এতে সার্বিক সহযোগিতা প্রদান করবে।