বেরোবি প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস বুধবার সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর নতুন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস আবারও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে। ক্লাসের পাশাপাশি এদিন নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয়েছিল বিশেষ অভ্যর্থনা।বিশ্ববিদ্যালয়ের মোট ২২টি বিভাগ নিজস্ব আয়োজনে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেয়।
জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পদ্ধতির আওতায় এবারের শিক্ষাবর্ষে স্নাতক ইঞ্জিনিয়ারিং, সম্মান, বিবিএ, বিবিএস এবং বিভিন্ন প্রফেশনাল প্রোগ্রামে চূড়ান্তভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এদিন প্রথম ক্লাসে অংশগ্রহণ করেন। বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের লক্ষ্য, ক্যাম্পাসের নিয়মকানুন ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
এটি বেরোবির ১৮তম ব্যাচ। নতুন মুখের আগমনে পুরো ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নতুন বন্ধু, নতুন বিভাগ এবং উচ্চশিক্ষার নতুন অধ্যায়কে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা গেছে প্রবল উচ্ছ্বাস।রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থী সুমি আক্তার বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাড়ি থেকে খুব বেশি দূরে না হওয়ায় এবং পড়াশোনার মানের কথা বিবেচনা করেই এই বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছি। সবার সহযোগিতা পেলে ভালো কিছু করতে পারব বলে আশা করছি।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহির শাহরিয়ার বলেন, এখানে ভর্তি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। একাডেমিক লাইফের শুরুটা দারুণ হয়েছে। বড় ভাই-বোনদের সহযোগিতা ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনায় ভালো কিছু অর্জন করাই আমার লক্ষ্য।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বিভাগে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে। নবীনদের এই আগমনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন শিক্ষক ও কর্মকর্তারা।