বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,
জলবায়ু সম্মেলন

জলবায়ু মোকাবিলায় ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৩:৫৮ পিএম

জলবায়ু মোকাবিলায় ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দসহ পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ ছাড়, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের বা কপ-৩১ এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এই প্রস্তাবগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ভাষণের শুরুতে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‍‍`সবার আগে বাংলাদেশ‍‍` দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একসঙ্গে চলতে হবে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য ও সবুজ উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমন অর্জনের লক্ষ্যেও কাজ চলছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে। দেশে সবুজ শিল্পের প্রসারে প্রায় তিনশ লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা কাজ করছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা এবং পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগের পাশাপাশি কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরি করা হচ্ছে।

পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি বিশ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ চলছে। এর উদ্দেশ্য হলো পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান অর্থায়ন ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নিচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় বোঝা তৈরি করছে এবং এর সঙ্গে ঋণ পরিশোধের চাপ পরিস্থিতি আরও কঠিন করে তুলছে। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর আরও ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন বলে স্পষ্ট জানান তিনি।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ‍‍`সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা‍‍` নীতির ভিত্তিতে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবগুলো হলো—প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে। দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ এবং ডেট-ফর-ক্লাইমেট সোয়াপসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে। 

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম গ্রহণ করতে হবে, যার ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান। ভাষণের শেষাংশে কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল প্রত্যাশা করে তিনি বলেন, প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে, বৈশ্বিক সংহতি জোরদার করতে হবে এবং সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।