নভেম্বর ১২, ২০২৬, ০২:৪৫ পিএম
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে এই কাজের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নম্বরপ্লেট লাগানো যাবে। বুধবার বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সড়ক পরিবহণ আইন, ২০১৮ ও সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম বাস্তবায়নের অংশ হিসেবেই মোটরসাইকেলের সামনে নির্ধারিত মাপ ও শর্ত মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা দিয়েছিল বিআরটিএ।
নির্ধারিত মাপ ও শর্তাবলি
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার এবং অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের মাপে ভিন্নতা রাখা হয়েছে।
স্কুটারের ক্ষেত্রে ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। আর অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য সাধারণ মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখার কথা বলা হয়েছে।
নম্বরপ্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে
বিআরটিএর বিজ্ঞপ্তিতে নম্বরপ্লেট তৈরির উপকরণ ও নকশার বিষয়েও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধন বা অতিরিক্ত নকশা যুক্ত করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় লিখতে হবে। উদাহরণস্বরূপ— ঢাকা মেট্রো ল ৪১ ২৬৭০ নম্বরটি সম্পূর্ণ এক লাইনে প্রদর্শন করতে হবে।
নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করার জন্য মালিকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন