শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,
বিআরটিএ নির্দেশনা

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

জাতীয় ডেস্ক

নভেম্বর ৭, ২০২৬, ১০:০৯ এএম

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

শিক্ষানবিশ লাইসেন্সধারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার সময় ছাড়া শিক্ষানবিশ লাইসেন্সধারীরা সড়কে মোটরযান চালাতে পারবেন না। পাশাপাশি গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‍‍`L‍‍` চিহ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ফেসবুক পেজে এক বার্তায় এই নির্দেশনা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় গাড়ি চালাতে পারবেন। এ সময় গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‍‍`L‍‍` চিহ্ন থাকতে হবে।

সাধারণত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানো শেখার জন্য শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স নিতে হয়। এ সময় চালককে শিক্ষানবিশ চালক হিসেবে চিহ্নিত করতে গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‍‍`L‍‍` লেখা বোর্ড বা চিহ্ন রাখতে হয়।

‍‍`L‍‍` হলো ইংরেজি লার্নার শব্দের সংক্ষিপ্ত রূপ। এই চিহ্ন দেখে অন্য গাড়ির চালকেরা বুঝতে পারেন, সংশ্লিষ্ট গাড়িটি একজন শিক্ষানবিশ চালাচ্ছেন। ফলে তাঁরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারেন।

শিক্ষানবিশ চালকদের প্রশিক্ষণের সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ম মেনে গাড়ি চালানোয় সচেতনতা বাড়াতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।