নভেম্বর ৬, ২০২৬, ১০:৪৮ পিএম
দেওয়ান হামজা চৌধুরীকে ছাড়াই সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণে ভুটানের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারেননি হামজা। তবে আগামী ১১ নভেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার কথা রয়েছে। এর আগে ভুটানের বিপক্ষে জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, হামজা দলে যোগ দিলে পুরো দলের শক্তি ও আবহ সম্পূর্ণ বদলে যাবে।
ভুটানের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে একমাত্র ব্যবধান গড়ে দিয়েছিলেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ফরোয়ার্ড ইব্রাহিম। ম্যাচের আগে অধিনায়ক তপু বর্মণ বলেছিলেন, হামজাকে তারা জয় উপহার দিতে চান। সেই কথা রেখে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েই সাফ অভিযান শুরু করেছে বাংলাদেশ। শ্রীলংকা ম্যাচের আগে হামজা দলের সঙ্গে যুক্ত হলে শক্তি যে আরও বাড়বে, সে কথা পুনর্ব্যক্ত করে শুক্রবার সন্ধ্যায় এবিজে ফুটবল গ্রাউন্ডে অনুশীলন শেষে ইব্রাহিম বলেন, আমাদের যারা বাইরে আছে, ওরা এলে অবশ্যই আমাদের দল শক্তিশালী হবে। আপনারা সবাই জানেন হামজা ভাই এলে দলের মোমেন্টাম সব বদলে যাবে।
ভুটানের বিপক্ষে গোল করার পর মাঠে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ইব্রাহিম। ম্যাচশেষে সেই কান্নার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অনেক দিন ধরে আমি দলের ভেতরে-বাইরে আসা-যাওয়ার মধ্যে ছিলাম। মাঝে মধ্যে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পেতাম না। আসলে গোল করার পরে ওই খারাপ মুহূর্তগুলো বেশি মনে পড়ছিল। গোল করার পর আমার মাথায় শুধু ওই কঠিন সময়গুলোর কথাই ঘুরছিল।
মাঠের বাইরে বসেও খেলার গতিপ্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন এই ফরোয়ার্ড। নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, গোল করার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হয়। খেলা বাইরে থেকে খুব ভালোভাবে রিড করা যায়। আমি যখনই বুঝতে পারছিলাম ডি বক্সে বল যাচ্ছে কিন্তু ফিনিশ হচ্ছে না, তখন থেকেই আমার লক্ষ্য ছিল যে কোনো মূল্যে ওই সুযোগটা লুফে নিতে হবে। আমি জানতাম যেকোনো মুহূর্তে একটা বা দুইটা বল পাবো, আর সেটি ভালোভাবে ফিনিশ করতে পারলে গোল করা সম্ভব। আমি বলের গতিপথ রিড করার এই চেষ্টাই করছিলাম।
ভুটানকে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে ইব্রাহিম বলেন, ফরোয়ার্ড লাইনের প্লেয়ার হিসেবে আমি সব সময় চাই দল যেন জেতে। সুযোগ পেলে নিজে গোল করা কিংবা অন্যকে দিয়ে গোল করানোর চেষ্টা করব। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছি। প্রতিপক্ষ ভারত হলে কোচের নির্দেশ অনুযায়ী এবং মালদ্বীপ হলে তাদের কৌশল অনুযায়ী খেলার পরিকল্পনা সাজাব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন