নভেম্বর ৬, ২০২৬, ১১:০৮ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলার সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯ টায় পৌর চার নম্বর ওয়ার্ডের শ্রীরামদী তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এছাড়া অন্যদের সদর উপজেলার ও শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, পৌর ছাত্রলীগের সম্পাদক আমজাদ হোসেন রনি, বাগাদী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন এবং যুবলীগ নেতা আরিফ হোসেন।
এর আগে দুপুরে চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ছত্রিশ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনার পর সন্ধ্যায় চাঁদপুর শহরে জামায়াত ইসলাম, জেলা যুবদল, ছাত্রদল ও এনসিপি প্রতিবাদ মিছিল বের করে।
জানা যায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ এর আগে ২০২৫ সালের দুই জুন রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
এছাড়া জেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান মুন্নাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আমজাদ হোসেন রনিকে শহরের ট্রাক রোড এলাকা থেকে ও কামরুল হাসান কাউসারকে গুনরাজদী এলাকা থেকে আটক করা হয়।
বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজার এলাকা থেকে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন ও সঙ্গীয় সদস্যরা আক্তার হোসেন খান নামের ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে আটক করে থানা নিয়ে আসার চেষ্টা করলে স্থানীয় কিছু নেতাকর্মী পুলিশের কার্যক্রমে বাধাগ্রস্ত করেন। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, আটককৃতদের যাচাই-বাছাই শেষে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন