সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৬:৩৪ পিএম
দেশে অষ্টম বারের মতো আজ পালিত হচ্ছে যাত্রী অধিকার দিবস। এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে `যাত্রী অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা ও নিরাপত্তা জরুরি`। পরিবহন খাত এখনো মাফিয়াদের নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
২০১৮ সাল থেকে প্রতিবছর এই দিনে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, দুর্ঘটনা ও গণপরিবহনে অন্যায্য কর্মকাণ্ড বন্ধের দাবিতে দিবসটি পালিত হয়ে আসছে। যাত্রী অধিকার ও সড়ক সুরক্ষায় যুক্ত সামাজিক সংগঠনগুলো নিরাপদ ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কর্মসূচি পালন করছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক পটপরিবর্তন, আন্তর্জাতিক অস্থিরতার কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং আইন প্রয়োগে শিথিলতার কারণে মানুষের ভোগান্তি দফায় দফায় বাড়ছে।
পথে পথে ছিনতাই, সড়কে ডাকাতি ও দুর্ঘটনার আতঙ্কের মধ্য দিয়ে নাগরিকরা প্রতিদিন চলাচল করতে বাধ্য হচ্ছেন। সাধারণ মানুষের যাতায়াতের নিরাপত্তা আগের চেয়ে অনেক সংকুচিত হয়েছে বলে সংগঠনটি উল্লেখ করে। নির্বাচিত সরকার দেশ পরিচালনায় আসার পর বিভিন্ন খাতে ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও পরিবহন ব্যবস্থায় কোনো গুণগত বদল আসেনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন