নভেম্বর ৭, ২০২৬, ০৯:২০ এএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নানা কর্মসূচির কথা জানানো হয়েছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ছয়টা ২০ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের সব হল ও গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন।
বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রোভাইস চ্যান্সেলর শিক্ষা অধ্যাপক ড. আবদুস সালাম, প্রোভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ ছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ সব হল, হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে নভেম্বর মাসের মধ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে অনুরোধ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন