নভেম্বর ৫, ২০২৬, ১২:০১ পিএম
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। আজ বৃহস্পতিবার থেকে অনলাইনে এই পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। এছাড়া পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত। গতকাল বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে অর্থাৎ চতুর্থ বিষয় ব্যতীত অকৃতকার্য শিক্ষার্থীরা এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ফরম পূরণের নিয়মাবলির মধ্যে রয়েছে—প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করবে। এরপর সম্ভাব্য তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর তথ্য যাচাই করে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা তালিকায় পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নেওয়ার পর অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
অনলাইনে সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ চলবে ৫ থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমার শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬। ফি সংক্রান্ত তথ্যে জানা গেছে, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্র ফি বাবদ ৪৫০ টাকা দিতে হবে।
পরীক্ষার যাবতীয় ফি বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার কোনো সুযোগ নেই। বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি ও অন্যান্য কাগজপত্র গ্রহণ করা হবে না। তাই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমার কাজ সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন