নভেম্বর ৫, ২০২৬, ১২:৩৭ পিএম
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়েছেন বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ। তাই ইরানে নতুন করে কোনো হামলা চালিয়ে ওয়াশিংটনের উচিত হবে না মার্কিন জনগণের এই জনমতকে উপেক্ষা করা।
কালিবাফ বলেন, মার্কিন ভোটাররা ব্যালটের মাধ্যমে `যুদ্ধকে না` বলেছেন। এই রায় ভোটারদের বিবেকের তাড়না থেকে এসেছে, নাকি জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে তৈরি হয়েছে—তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে যেকোনো কারণেই হোক, এবারের মার্কিন নির্বাচনের ফলাফলে জনগণের প্রকৃত অবস্থান পরিষ্কারভাবে প্রকাশ পেয়েছে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অবশ্য ভিন্ন আশঙ্কা প্রকাশ করে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডেমোক্র্যাট বা রিপাবলিকান—যেই দলই থাকুক না কেন, ইরানের প্রতি ওয়াশিংটনের বৈরী মনোভাবের কোনো মৌলিক পরিবর্তন ঘটবে না। সম্ভাব্য নতুন সামরিক হামলার আশঙ্কায় তেহরান সব সময় সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে তেহরান পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ে এবং কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। চলমান এই যুদ্ধের অবসানে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেননি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন