বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মোংলায় শিল্পকারখানা হবে

জাতীয় ডেস্ক

নভেম্বর ৫, ২০২৬, ১২:১১ পিএম

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মোংলায় শিল্পকারখানা হবে

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলতে বাগেরহাটের মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশে দেশি ও বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার সর্বতোভাবে প্রতিশ্রুতিবদ্ধ। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিশাল সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।