নভেম্বর ৫, ২০২৬, ১১:২৯ এএম
রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই হামলায় পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। আর্মি গলফ ক্লাবের সামনে থাকা একটি টহল গাড়িকে লক্ষ্য করে এই ককটেল ছোড়া হলে গাড়িতে থাকা চালক পুলিশ সদস্য আহত হন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। আহত পুলিশ সদস্যকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় সরাসরি জড়িত বাকি মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর `জয় বাংলা` স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। মিছিলটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে আঘাত লাগে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন