নভেম্বর ৪, ২০২৬, ০৪:১৭ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জে নাশকতার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট মামলায় পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার দিনাজপুরের আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩), জগন্নাথপুর গ্রামের মো. নুরে আলম সিদ্দিক (২০) এবং একই গ্রামের মো. মাহাদি হাসান (২০)।
নবাবগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে একদল ব্যক্তি সমবেত হন। সে সময় শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে সেখানে একটি মশালমিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, সমবেত হওয়া ব্যক্তিদের কাছে পশু জবাইয়ের কুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক এবং বাঁশের লাঠিসহ নানা ধরনের দেশীয় অস্ত্র উপস্থিত ছিল।
পুলিশ জানায়, খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মশালমিছিলে অংশ নিতে আসা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন