বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, ৮ দিনেও মেলেনি সন্ধান

কুদ্দুস আলী খান

নভেম্বর ৪, ২০২৬, ০৫:৩৩ পিএম

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী, ৮ দিনেও মেলেনি সন্ধান

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের হিলিতে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গত ৮ দিনেও খোঁজ মেলেনি দশম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার বিজলীর। দীর্ঘদিন ধরে মেয়ের কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিশেহারা হয়ে পড়েছেন নিখোঁজ ছাত্রীর পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর সকালে প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই নিজ বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিল সামিয়া। কিন্তু এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিতে যোগাযোগের চেষ্টা করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।

নিখোঁজের পর থেকে পরিবার ও স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি চালিয়েও বিজলীর কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো সুসংবাদ মেলেনি। নিখোঁজ হওয়ার পর থেকে দিন যত গড়াচ্ছে, অসহায় বাবা-মা ও স্বজনদের কান্না ও উদ্বেগ তত বাড়ছে।

স্থানীয় বাসিন্দা ও সহপাঠীরা জানান, ৮ দিন পার হয়ে গেলেও একজন স্কুলছাত্রীর এভাবে নিখোঁজ থাকা পুরো এলাকায় চরম উদ্বেগ তৈরি করেছে। সাধারণ মানুষ ও স্বজনদের দাবি, পুলিশ ও প্রশাসন যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

ঘটনার বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাদশাহ আলম জানান, বিষয়টি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছে। এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।