নভেম্বর ৪, ২০২৬, ০৬:০৯ পিএম
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়ে নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি করেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমে একদিনের ক্রিকেটে তিন নম্বর পজিশনে ১৩ হাজার রান পূর্ণ করেছেন ৩৭ বছর বয়সি এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তিন নম্বরে ব্যাট করে এত রান সংগ্রহের নজির বিশ্বের আর কোনো ব্যাটারের নেই।
ইতিহাস গড়া থেকে মাত্র ১২ রান দূরে থেকে অকল্যান্ডের ইডেন পার্কে খেলতে নেমেছিলেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই সেই কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যান তিনি।
ম্যাচে ব্যক্তিগত ইনিংসের ১৩তম বলে এই ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করেন কোহলি। নিউজিল্যান্ডের বোলার কাইল জেমিসনের করা সপ্তম ওভারের এক বল লং লেগের দিকে ঠেলে দিয়ে এক রান নেন তিনি। এর মধ্য দিয়েই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩ নম্বরে ব্যাটার হিসেবে নিজের ১৩ হাজারতম রান পূর্ণ করেন এই ব্যাটিং তারকা।
একদিনের ক্রিকেটে নির্দিষ্ট পজিশনে সর্বোচ্চ রানের তালিকায় এতদিন এগিয়ে থাকা কিংবদন্তিদের ছাড়িয়ে আরও এক ধাপ শীর্ষে উঠে গেলেন বিরাট। তিন নম্বরে ব্যাট করে রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং, যাঁর ঝুলিতে রয়েছে ১২ হাজার ৬৬২ রান।
কোহলি ও পন্টিং ব্যতীত আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ৩ নম্বর পজিশনে আর কোনো ব্যাটার ১০ হাজার রানের ঘরে পৌঁছাতে পারেননি। এবার পন্টিংয়ের সেই সংগৃহীত রান টপকে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ১৩ হাজার রান অতিক্রম করলেন বিরাট।
এই তালিকায় বর্তমানে ৯ হাজার ৭৪৭ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক কালিস, যাঁর সংগ্রহ ৭ হাজার ৭৭৪ রান। এছাড়া ৬ হাজার ৫০৪ রান নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন