নভেম্বর ৪, ২০২৬, ০৫:৫৪ পিএম
দিনাজপুরে আগামী শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। গোর-এ-শহীদ বড় ময়দানের হেলিপ্যাড প্রাঙ্গণে আয়োজিত এ ইজতেমা আগামী ৮ নভেম্বর রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। জেলায় এটি অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আঞ্চলিক ইজতেমা।
ইজতেমা সফলভাবে আয়োজনের লক্ষ্যে মাঠজুড়ে প্যান্ডেল নির্মাণ, টয়লেট ও অজুখানা স্থাপন, পানির শৌচাগার ব্যবস্থা এবং আগত দেশি-বিদেশি মেহমানদের অবস্থানের জন্য খিত্তাকক্ষ নির্মাণের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। আয়োজকরা জানান, নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে মাঠে দুই শতাধিক টয়লেট তৈরি করা হয়েছে। সুপেয় পানির জন্য কয়েকটি টিউবওয়েল ও সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে। বিশেষ করে প্রবীণ তাবলিগ সাথী ও বিদেশি মেহমানদের সুবিধার কথা বিবেচনা করে মাঠের দক্ষিণ পাশে তৈরি করা হয়েছে বিশেষ বিশ্রামাগার।
ইজতেমা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনাজপুরের ১৩টি উপজলাসহ পার্শ্ববর্তী ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লি এই ইজতেমায় অংশগ্রহণ করবেন।
জেলা তাবলিগ জামাতের আমিরে ফয়সাল ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম জানান, এবারের ইজতেমায় বাংলাদেশের আমিরে ফয়সাল এবং ঢাকার কাকরাইল মসজিদের সিনিয়র দায়িত্বশীলসহ দেশের শীর্ষস্থানীয় মুরুব্বিরা উপস্থিতি থাকবেন।
তাবলিগ জামাতের আরেক দায়িত্বশীল কর্মকর্তা শেখ সাবির আলী জানান, সৌদি আরব, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সুদান থেকে আসা বিদেশি জামাত ইতিমধ্যে দিনাজপুরে এসে পৌঁছেছে এবং অন্যান্য দেশের আরও কয়েকটি জামাত আসার পথে রয়েছে। এই বিদেশি মেহমানরা ইজতেমায় মুসল্লিদের উদ্দেশে মূল আমবয়ান পেশ করবেন। আনুষ্ঠানিক সূচনা ৬ নভেম্বর হলেও বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছোট-বড় জামাত এসে মাঠে অবস্থান নেওয়া শুরু করবে।
আয়োজকরা আরও জানান, বুধবার বিকেল থেকেই অনেক স্বেচ্ছাসেবক ও মুসল্লি মাঠে এসে প্যান্ডেল তৈরি ও প্রস্তুতির কাজে অংশ নিয়েছেন। ইজতেমার সার্বিক কার্যক্রম পরিচালনায় মো. মেহেরুল ইসলাম ও হাবিপ্রবির অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম যৌথভাবে আমিরে ফয়সালের দায়িত্ব পালন করবেন। তাদের পাশাপাশি পুরো কার্যক্রম তদারকিতে ১০ সদস্যের একটি শুরা কমিটি কাজ করছে।
উল্লেখ্য, ২০১৭ সালে দিনাজপুরে প্রথমবার জেলা ইজতেমার আয়োজন শুরু হয়। মাঝে করোনা মহামারির কারণে দুই বছর আয়োজন বন্ধ থাকলেও এবার জেলায় এটি অষ্টম ইজতেমা হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন