বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,
ভূমিহীনদের অধিকার

বিরলে খাস জমি বন্দোবস্তের দাবিতে ভূমিহীনদের জনসমাবেশ

মো: মামুনুর রশিদ

নভেম্বর ৪, ২০২৬, ০৩:৩৭ পিএম

বিরলে খাস জমি বন্দোবস্তের দাবিতে ভূমিহীনদের জনসমাবেশ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে খাস জমি বন্দোবস্ত, ভূমি অধিকার, কৃষি-ভূমি সংস্কার এবং জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিরল উপজেলা মিলনায়তনে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় এবং উপজেলা ভূমিহীন সমন্বয় সমিতির যৌথ আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি মো. আজাহার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিছ শারমীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. রুম্মান আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে মুখ্য সহায়ক হিসেবে ভূমি অধিকার ও কৃষি সংস্কারের বিভিন্ন অর্থনৈতিক ও নীতিগত দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (সিডিএ) উপ-পরিচালক ড. ফরিদা পারভীন কেয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিএ-এর আঞ্চলিক সমন্বয়কারী কামরুজ্জামান।

জনসমাবেশে বিরল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা জনসংগঠনের নেতা-কর্মীরা তাদের বক্তব্যে স্থানীয় ভূমিহীন পরিবারের নানা সংকট ও সমস্যার কথা বিস্তারিত তুলে ধরেন। তারা জলবায়ু পরিবর্তনের বর্তমান চ্যালেঞ্জিং সময়ে টিকে থাকার জন্য জলবায়ু সহনশীল আধুনিক কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। এর পাশাপাশি সরকারি নীতিমালা অনুসরণ করে প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে দ্রুত খাস জমি বন্দোবস্ত দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম আন্দোলনকারী ও স্থানীয় ভূমিহীনদের সমস্যাগুলো গুরুত্ব সহকারে শোনেন। তিনি সরকারি নিয়ম-নীতি মেনে প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন এবং খাস জমি বরাদ্দের বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।