মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের সানজিদা আরফিন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৬, ০৮:৪৩ পিএম

বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের সানজিদা আরফিন

ছবি: দিনাজপুর টিভি

জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‍‍`বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬‍‍`-এর উদ্ভাবনী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃতি শিক্ষার্থী সানজিদা আরফিন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর হাতে আনুষ্ঠানিক ট্রফি ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সানজিদা আরফিন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের সাধারণ কৃষক পরিবারের সন্তান। তাঁর বাবার নাম মো. সাদিকুল ইসলাম সাদেক। মেধাবী এই তরুণী বর্তমানে দেশের শীর্ষ প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশল বিভাগে অধ্যয়নরত রয়েছেন।

‍‍`প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই‍‍`—এই যুগোপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় দুই দিনব্যাপী এই এক্সপো অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক এই প্রদর্শনীর উদ্বোধনী পর্বে তরুণ উদ্ভাবকদের নিয়ে আয়োজিত বিশেষ প্রতিযোগিতা ‍‍`স্ফুরণ: টেকসই জ্বালানি উদ্ভাবনের খোঁজে ২০২৬‍‍`-এর বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সেখানে সারা দেশের তরুণ গবেষক ও উদ্ভাবকদের জমা দেওয়া প্রকল্পগুলোকে পেছনে ফেলে নিজের উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে চ্যাম্পিয়ন হন সানজিদা আরফিন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

জাতীয় পর্যায়ে সৌরশক্তির কার্যকর ব্যবহার সম্প্রসারণ, বহুতল ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থার জনপ্রিয়করণ এবং দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এই বৃহৎ আয়োজনের মূল লক্ষ্য।

সানজিদার এই অনন্য অর্জনে বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নসহ পুরো দিনাজপুর জেলাজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে।

স্থানীয় শিক্ষক, সুধীজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, অজপাড়াগাঁ থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে মেধার স্বাক্ষর রাখা এবং পরবর্তীতে সরকারপ্রধানের হাত থেকে জাতীয় পুরস্কার অর্জন বীরগঞ্জের জন্য অত্যন্ত গৌরবের। এই সাফল্য প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, উচ্চশিক্ষা ও আধুনিক উদ্ভাবনী গবেষণায় ব্যাপকভাবে অনুপ্রাণিত করবে।