জাহিদ হাসান
নভেম্বর ১, ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: দিনাজপুর টিভি
`দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ` প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যুবসমাজ আমাদের দেশের ভবিষ্যৎ শক্তি। প্রযুক্তিনির্ভর এই যুগে তাদের সঠিক প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনা দেওয়া অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, বীরগঞ্জের প্রতিটি তরুণ-তরুণী ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হোক এবং জাতীয় অর্থনীতিতে সক্রিয় ভূমিকা রাখুক। উপযুক্ত প্রশিক্ষণই পারে তরুণদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফজল ইবনে কাওছার আলী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নান।
এছাড়া বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহাজাহান সিরাজ শিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার এবং সফল উদ্যোক্তা মো. মইন উদ্দিন উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে প্রশিক্ষিত দুই যুবকের মাঝে মোট ২ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে তিন জন সফল যুব সংগঠকের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
এর আগে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালিতে স্থানীয় গণমাধ্যমকর্মী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, জেএসকেএস ও ইএসডিও প্রতিনিধি এবং বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।