রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
জীবন রক্ষায় সাঁতার

দিনাজপুরে সাঁতার প্রশিক্ষণ শুরু: পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে নতুন উদ্যোগ

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১, ২০২৬, ০২:১০ পিএম

দিনাজপুরে সাঁতার প্রশিক্ষণ শুরু: পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে নতুন উদ্যোগ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাঁতার কেবল একটি চমৎকার শারীরিক ব্যায়ামই নয়, এটি মানুষের জীবন রক্ষার জন্য অত্যন্ত জরুরি একটি জীবনমুখী দক্ষতা বলে উল্লেখ করেছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। দিনাজপুর জেলায় গত বছর সাঁতার না জানার কারণে এক হাজার ১৯৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

রোববার (১ নভেম্বর) মাহুতপাড়া জলতরঙ্গ সুইমিং সেন্টারে নবজীবন নারী উন্নয়ন সংস্থার আয়োজনে পনেরো দিনব্যাপী এই সাঁতার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সন্তানদের সঠিক নিয়ম অনুযায়ী সাঁতার শেখানো এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাঝহারুল ইসলাম, দিনাজপুর মহিলা সমিতির সভাপতি মালেকা পারভীন, কলেজ এইড বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক সিরাজাম মুনিরা, সাপ্তাহিক সাম্যমৈত্রী পত্রিকার নির্বাহী সম্পাদক মকিদ হায়দার শিপন এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মীর শিরিন।

স্বাগত বক্তব্য দেন নবজীবন নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও নারী সংগঠক রওশন আরা রুনু।

তিনি উল্লেখ করেন, জেলায় বহু বেসরকারি সংগঠন সক্রিয় থাকলেও সাঁতার শেখানো নিয়ে কেউ তেমন কোনো কাজ করে না। বিশেষ করে ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোররা সাঁতার না জানার কারণে যেভাবে প্রতিনিয়ত পানিতে ডুবে মারা যাচ্ছে, তাদের অমূল্য জীবন রক্ষার তাগিদ থেকেই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

চলমান এই কোর্সে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে টানা পনেরো দিন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন চেহেলগাজী শিক্ষা নিকেতন ও কলেজের সহকারী শিক্ষক মো. ওবায়দুর রহমান এবং দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম।