নভেম্বর ১, ২০২৬, ০৪:২৮ পিএম
কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (৩১ অক্টোবর) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
সম্মেলন চলাকালে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি একজন পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত অ্যান্টিগুয়া ও বারবুডায় এই আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত সফরসূচি অনুযায়ী দুবাই ও লন্ডন হয়ে ১ নভেম্বর দেশটির রাজধানী সেন্ট জনসে পৌঁছানোর কথা রয়েছে তার।
সফরকালে হুমায়ুন কবির সরকারপ্রধানদের বৈঠকের মূল উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনে অংশ নেবেন।
পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা সভাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকেও যোগ দেবেন তিনি।
এর আগে গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সম্মেলনের সময়কালের জন্য তাকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। সরকারি এই সিদ্ধান্তের ফলে সফরকালে তিনি একজন পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা ও প্রটোকল সুবিধা ভোগ করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন