শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

খুব শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ১০, ২০২৬, ০১:২৫ পিএম

খুব শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের ক্রাউন প্রিন্সের আনুষ্ঠানিক আমন্ত্রণে খুব শিগগিরই দেশটি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে তিনি জাপান যাচ্ছেন বলেও নিশ্চিত করেছে সরকার।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক এই সেমিনারের যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের সরকারপ্রধানকে রাষ্ট্রীয় সফরের যে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তা ইতোমধ্যে গ্রহণ করেছেন। খুব শিগগিরই সুবিধাজনক সময়ে এই গুরুত্বপূর্ণ সফরটি অনুষ্ঠিত হবে।

একই সাথে সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন বলে জানান তিনি।

হুমায়ুন কবির উল্লেখ করেন, সৌদি যুবরাজের সুবিধাজনক সময়ে তাকে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা জানাতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দ্বিপক্ষীয় সহযোগিতার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যেকোনো ইতিবাচক প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

প্রধানমন্ত্রীর আসন্ন অন্য কূটনৈতিক সফরের সূচি তুলে ধরে প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। ওই সফরে মূলত দুই দেশের মধ্যকার জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং জাপানি বিনিয়োগের সম্প্রসারণ বিশেষ গুরুত্ব পাবে।