মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,
ফ্লাইট বাতিল

রিয়াদ ও দাম্মামের ১৯৮ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৮:৩২ পিএম

রিয়াদ ও দাম্মামের ১৯৮ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১৯৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৩ হাজার ৩৭৯ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১২১টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৩২টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এসব যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল। তবে নিজ নিজ দেশ থেকে ফ্লাইট বাতিলের কারণে ঢাকা থেকে যাত্রী বহন করেনি তারা।

সম্প্রতি হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। হামলা হয় দাম্মামেও। এই ঘটনার প্রেক্ষিতে প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরে এই সময় আরও বাড়ানো হয়।